Logo
Logo
×
   

শিক্ষাঙ্গন

৫ দিনের আলটিমেটাম দিয়ে ববি শিক্ষকদের আন্দোলন শিথিল

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ০৩ মে ২০২৬, ১০:৪০ পিএম

৫ দিনের আলটিমেটাম দিয়ে ববি শিক্ষকদের আন্দোলন শিথিল

বরিশাল বিশ্ববিদ্যালয়। ছবি: যুগান্তর

পাঁচ দিনের আলটিমেটাম দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ৬০ শিক্ষকের পদোন্নতির দাবিতে চলমান কর্মবিরতি শিথিল করা হয়েছে। এ সময়ের মধ্যে শিক্ষার্থীদের সেশনজট এড়াতে ক্লাশ ও পরীক্ষা চলবে। তবে আগামী ৮ মে অনুষ্ঠিতব্য সিন্ডিকেট সভায় বিষয়টি সমাধান না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরা।

রোববার (৩ মে) দুপুরে ববিতে আন্দোলনরত শিক্ষকদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আন্দোলনরত শিক্ষকদের একজন ও সমাজকর্ম বিভাগের শিক্ষক মুস্তাকিম বিল্লাহ।

তিনি বলেন, বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকে আমাদের দাবি বাস্তবায়নের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে।  তাই আগামী পাঁচ দিন একাডেমিক কার্যক্রম চলবে, তবে কোনো দাপ্তরিক কাজ করবেন না শিক্ষকরা। ৮ মে সিন্ডিকেট সভায় চূড়ান্ত সিদ্ধান্ত না এলে কঠোর আন্দোলনে যাওয়া হবে।  তবে শিক্ষার্থীদের ক্ষতি না হয়, সে বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে। 

এর আগে গত ২১ এপ্রিল থেকে পদোন্নতির দাবিতে এ আন্দোলন শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় ১০ সহস্রাধিক শিক্ষার্থী সেশনজটের আশঙ্কায় পড়ে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, জেলা প্রশাসন এবং শিক্ষকদের নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে দাবি বাস্তবায়নের বিষয়ে ইতিবাচক অগ্রগতির আশ্বাস দেওয়া হয়।

আন্দোলনরত শিক্ষকদের দাবি, যোগ্যতা থাকা সত্ত্বেও ৬০ জন শিক্ষককে পদোন্নতি থেকে বঞ্চিত করা হচ্ছে। বছরের পর বছর তারা ন্যায্য মূল্যায়ন পাচ্ছেন না বলে অভিযোগ তাদের।

অন্যদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১৫ সালের বিধি অনুযায়ী পদোন্নতির উদ্যোগ নেওয়া হলেও ইউজিসির নির্দেশনায় তা স্থগিত করা হয়েছে। ইউজিসি ২০২১ সালের অভিন্ন নীতিমালা অনুসরণ করে পদোন্নতির নির্দেশ দিয়েছে। তাই নতুন নীতিমালা সিন্ডিকেটে অনুমোদনের পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম