Logo
Logo
×

শিক্ষাঙ্গন

রাবিপ্রবিতে উপাচার্য কার্যালয়ে ছাত্রদলের তালা, ভিসি বললেন ষড়যন্ত্র

Icon

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ০৫ মে ২০২৬, ১০:৪৯ পিএম

রাবিপ্রবিতে উপাচার্য কার্যালয়ে ছাত্রদলের তালা, ভিসি বললেন ষড়যন্ত্র

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাবিপ্রবি ছাত্রদল শাখার সদস্য সচিব জিসান আহমেদ ও নাছির উদ্দীন অর্ণব। ছবি: যুগান্তর

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উপাচার্যের (ভিসি) পদত্যাগ দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। মঙ্গলবার (৫ মে) সকালে ভিসি কার্যালয়ের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আলটিমেটাম ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলন শেষে ভিসি কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন ছাত্রদলের নেতাকর্মীরা।

এ সময় ভিসি অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান ঢাকায় একটি সভায় অংশ নিতে অবস্থান করছিলেন বলে জানা গেছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাবিপ্রবি ছাত্রদল শাখার সদস্য সচিব জিসান আহমেদ ও নাছির উদ্দীন অর্ণব। তারা অভিযোগ করে বলেন, বর্তমান ভিসি বিশ্ববিদ্যালয়ে ‘জামায়াতীকরণ’ ও আওয়ামী লীগের পুনর্বাসনে ভূমিকা রাখছেন এবং নিয়োগে পক্ষপাতিত্ব করছেন। তিনি সরাসরি জামায়াতপন্থি ব্যক্তি। রাবিপ্রবিতে জামায়াতের রাজত্ব কায়েম করে চলেছেন। পাশাপাশি বিভিন্ন আর্থিক অনিয়মের সঙ্গেও জড়িত বলে দাবি করেন।

তাদের বক্তব্যে আরও বলা হয়, ২০২৫ সালের ৯ জানুয়ারি উপাচার্য হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই ড. আতিয়ার রহমান নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন। এর আগে ২০২৪ সালের ১৮ আগস্ট আন্দোলনের মুখে তৎকালীন ভিসি ড. সেলিনা আখতার পদত্যাগে বাধ্য হন।

ছাত্রদল নেতারা অভিযোগ করেন, শিক্ষক ও কর্মচারী নিয়োগ, একাডেমিক ভবন নির্মাণে অর্থ আত্মসাৎ, ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে অর্থ উত্তোলন এবং বিতর্কিত ব্যক্তিদের পদোন্নতিসহ নানা অনিয়ম সংঘটিত হয়েছে। তারা আরও দাবি করেন, ভিসি রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট আচরণ করছেন।

আন্দোলনকারীরা ৪৮ ঘণ্টার মধ্যে ভিসির অপসারণের দাবি জানিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে ছাত্রদল, সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান সব অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কোনো অনিয়ম বা দুর্নীতির সঙ্গে জড়িত নন। ভিসির একার পক্ষে এ ধরনের কাজ করা সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন। 

তিনি আরও বলেন, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন এবং তার অনুপস্থিতিতে ষড়যন্ত্র করা হচ্ছে বলে দাবি করেন তিনি।  

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম