শিক্ষার্থীদের মাঝে শিবিরের কুরআন উপহার
জাককানইবি প্রতিনিধি
প্রকাশ: ১১ মে ২০২৬, ০৮:০৬ পিএম
কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে ২০০টিরও বেশি কুরআন উপহার দেওয়া হয়।
|
ফলো করুন |
|
|---|---|
‘ঐতিহাসিক কুরআন দিবস’ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কুরআন শরীফ বিতরণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির। সোমবার (১১ মে) বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যের সামনে আয়োজিত এ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে ২০০টিরও বেশি কুরআন উপহার দেওয়া হয়।
ছাত্রশিবিরের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে পপুলেশন সায়েন্সেস বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, যারা এ আয়োজন করেছেন তাদের অনেক ধন্যবাদ। কুরআন আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। মুসলিম হিসেবে আমাদের সবারই অর্থসহ কুরআন পড়া উচিত।
এ বিষয়ে শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ রিমন বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কুরআনের আলোয় আলোকিত করার প্রয়াস নিয়েই এ আয়োজন করা হয়েছে। কুরআন থেকে শিক্ষা নিয়ে মূল্যবোধসম্পন্ন মানুষ ও দেশ-জাতি গঠনের উদ্দেশ্যকে সামনে রেখেই এ কুরআন বিতরণ কর্মসূচি।
তিনি আরও বলেন, আশা করি এর মাধ্যমে শিক্ষার্থীরা কুরআন পড়ে তার আলোকে নিজেদের জীবন পরিচালনা করতে পারবেন। ভালো মানুষ হিসেবে গড়ে উঠে সমাজকে কুরআনের আদর্শে গড়ে তুলতে সর্বাত্মক ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ।
