Logo
Logo
×
   

Advertisement

শিক্ষাঙ্গন

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগ: ভাইভার তারিখ ঘোষণা, যেসব কাগজপত্র লাগবে

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পিএম

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগ: ভাইভার তারিখ ঘোষণা, যেসব কাগজপত্র লাগবে

Advertisement

বেসরকারি এমপিওভুক্ত প্রায় ১৩ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা শুরু হবে আগামী ১ অক্টোবর। এদিন সকাল ৯টা থেকে পরীক্ষা শুরু হবে। নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে প্রার্থীদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অষ্টম এনটিআরসিএ নিয়োগ (প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান) পরীক্ষা-২০২৬-এর এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ১ অক্টোবর সকাল ৯টা থেকে শুরু হবে। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ সব প্রার্থীকে আগে দেওয়া মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান জানিয়ে দেওয়া হবে।

মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ সব প্রার্থীকে বিজ্ঞপ্তিতে উল্লিখিত কাগজপত্রের মূলকপি এবং প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার সত্যায়িত এক সেট ফটোকপি নিয়ে এনটিআরসিএ কার্যালয়ে (৩৭/৩/এ, ইস্কাটন গার্ডেন রোড, রমনা, ঢাকা-১০০০) নির্ধারিত তারিখ এবং নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

যেসব কাগজপত্র সঙ্গে আনতে হবে

শিক্ষাগত যোগ্যতার সমর্থনে সব সনদপত্র ও নম্বরপত্র; অভিজ্ঞতার সনদপত্র (সংযুক্ত নমুনা অনুযায়ী)। এমপিওভুক্তি ও এমপিও সংশ্লিষ্ট সব কাগজপত্র; সব যোগদানপত্র ও নিয়োগপত্র; প্রযোজ্য ক্ষেত্রে প্রশিক্ষণ সনদপত্র; জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং লিখিত (এমসিকিউ) পরীক্ষার প্রবেশপত্র।

বিস্তারিত তথ্য পেতে এনটিআরসিএর ওয়েবসাইট (এখানে ক্লিক করুন) এবং টেলিটক ওয়েবসাইট (এখানে ক্লিক করুন) ভিজিট করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এনটিআরসিএ সূত্র জানায়, প্রতিষ্ঠানপ্রধানের মৌখিক পরীক্ষা নেওয়ার জন্য ১২টি বোর্ড গঠনের প্রক্রিয়া চলছে। প্রতিটি বোর্ডে প্রতিদিন ৩৫ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেবেন। সেই হিসাবে ১২ বোর্ডে প্রতিদিন মোট ৪২০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া সম্ভব হবে।

গত ২২ এপ্রিল বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকসহ প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে প্রথমবারের মতো কেন্দ্রীয়ভাবে নেওয়া লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ওই পরীক্ষায় ৪৮ হাজার ১৪৬ জন অংশ নেন এবং তাদের মধ্যে ১৪ হাজার ৯৪২ জন উত্তীর্ণ হন। প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধানের মোট ১২ হাজার ৯৫১টি শূন্যপদে নিয়োগ দেওয়া হবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম