Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

চুয়েটে শিক্ষার্থী-উপাচার্যের পালটাপালটি বিবৃতি

Advertisement

Icon

চুয়েট প্রতিনিধি

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১০:৫৪ পিএম

চুয়েটে শিক্ষার্থী-উপাচার্যের পালটাপালটি বিবৃতি

ফাইল ছবি

Advertisement

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে ক্যাম্পাসে আর না ফেরার শর্তে মুক্তি দেওয়া হয়েছে বলে দাবি করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের দাবি, উপাচার্যকে মুক্তি দেওয়ার আগে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) এ শর্তের কথা জানানো হয়েছিল। উপাচার্য ক্যাম্পাসে ফেরার কথা বললে আন্দোলন আরও কঠোর করার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

বুধবার (১৪ অক্টোবর) বিকালে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।

বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা বলেন, গত ১৩ অক্টোবর প্রশাসনিক ভবনে প্রায় ৩০ ঘণ্টা অবস্থানকালে উপাচার্যসহ অবরুদ্ধ ব্যক্তিদের খাবার ও পানির ব্যবস্থা করা হয়। জরুরি ওষুধের প্রয়োজনে সহায়তা এবং চিকিৎসকদের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করানোর উদ্যোগও নেওয়া হয়। ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকলেও পানি সরবরাহ অব্যাহত ছিল।

উপাচার্যের শারীরিক অসুস্থতার কথা জানার পর মানবিক বিবেচনায় তাকে ও তার সঙ্গে অবস্থানরত অন্যদের নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন শিক্ষার্থীরা। তবে এই সিদ্ধান্তকে আন্দোলনের দাবি থেকে সরে আসা কিংবা উপাচার্যের নেতৃত্বের প্রতি সম্মতি হিসেবে দেখার সুযোগ নেই বলে জানান তারা।

উপাচার্যকে ক্যাম্পাসে না ফেরার শর্তে মুক্তি দেওয়ার বিষয়ে শিক্ষার্থীরা বলেন, প্রস্থানের আগে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বিষয়টি স্পষ্টভাবে জানানো হয়েছিল। তারা সম্মতি দিয়ে ভেতরে যাওয়ার পর বেরিয়ে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় গণমাধ্যমের সামনেও তিনবার উপাচার্যকে ক্যাম্পাসে না ফেরার শর্তে ছেড়ে দেওয়ার কথা বলা হয়। তাদের দাবি, তখন উপাচার্য কিংবা তার সঙ্গে থাকা অন্য ব্যক্তিরা এ বিষয়ে কোনো আপত্তি জানাননি।

বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা আরও বলেন, উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ক্যাম্পাসে ফেরার চেষ্টা করলে তাদের আন্দোলন আরও কঠোর হবে। এ বিষয়ে উপস্থিত গণমাধ্যমের ধারণ করা ভিডিও, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও প্রাসঙ্গিক তথ্য প্রকাশের মাধ্যমে ঘটনার সত্যতা যাচাইয়ের আহ্বান জানিয়েছেন তারা।

শিক্ষার্থীরা জানান, অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে উপাচার্য হিসেবে তারা গ্রহণ করছেন না। তার প্রত্যাবর্তনের চেষ্টা নতুন করে সংকট ও প্রতিবাদের জন্ম দিতে পারে। এ জন্য সংশ্লিষ্ট সিদ্ধান্তগ্রহণকারীদের দায় বিবেচনায় নেওয়ার আহ্বান জানান তারা। 

দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘোষিত শাটডাউন এবং ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তারা।

এর আগে, বিদ্যুৎবিহীন অবস্থায় প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সহায়তায় মুক্ত হন চুয়েট উপাচার্যসহ তার সঙ্গে আটকে পড়া আরও ১১ জন। পরে অসুস্থ উপাচার্যকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরে ‘তিনি আর ক্যাম্পাসে প্রবেশ করবেন না, এই শর্তে উপাচার্যকে মুক্ত করা হয়েছে’ এমন খবর ছড়িয়ে পড়ে। তবে অধ্যাপক ড. শেখ শরীফুল আলম বলছেন এমন কোনো বিবৃতি তিনি দেননি।

এর প্রতিবাদে বুধবার এক বিবৃতি দিয়েছেন চুয়েট উপাচার্য। বিবৃতিতে তিনি বলেন, বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা সংবাদ প্রচার করা হচ্ছে যে আমি পদত্যাগ করেছি এবং ভবিষ্যতে কখনো চুয়েট ক্যাম্পাসে পদার্পণ করব না। এ ধরনের কোনো বক্তব্য বা বিবৃতি আমি দিইনি। কারণ আপনারা জেনে থাকবেন, যখন আমাকে নিয়ে আসা হচ্ছিল তখন আসলে আমি কথা বলার মতো অবস্থাতেই ছিলাম না। অসুস্থতার কারণেই আমি ক্যাম্পাস ছেড়েছিলাম। এখনো আমি অসুস্থ এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছি। সুস্থ হয়ে আমি আবারও বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালন করব, ইনশা আল্লাহ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আমার বিষয়ে মিথ্যা সংবাদ প্রচার করা হচ্ছে: চুয়েট ভিসি

আমার বিষয়ে মিথ্যা সংবাদ প্রচার করা হচ্ছে: চুয়েট ভিসি

এবার চুয়েটে শিক্ষার্থীদের রোষানলে আরেক অধ্যাপক

এবার চুয়েটে শিক্ষার্থীদের রোষানলে আরেক অধ্যাপক

অসুস্থ অবরুদ্ধ চুয়েট উপাচার্য

অসুস্থ অবরুদ্ধ চুয়েট উপাচার্য

২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েট উপাচার্য, শাহবাগে সমাবেশের ডাক

২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েট উপাচার্য, শাহবাগে সমাবেশের ডাক

চুয়েটে ১৬ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ কয়েকজন, অসুস্থ একাধিক

চুয়েটে ১৬ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ কয়েকজন, অসুস্থ একাধিক

চুয়েটে উপাচার্যের পদত্যাগের দাবিতে অনড় শিক্ষার্থীরা, বিদ্যুৎ সচলে আলোচনায় ব্যর্থ এসিল্যান্ড

চুয়েটে উপাচার্যের পদত্যাগের দাবিতে অনড় শিক্ষার্থীরা, বিদ্যুৎ সচলে আলোচনায় ব্যর্থ এসিল্যান্ড

আরও পড়ুন

চুয়েটে শিক্ষার্থী-উপাচার্যের পালটাপালটি বিবৃতি

চুয়েটে শিক্ষার্থী-উপাচার্যের পালটাপালটি বিবৃতি

‘কে কী বলল কেয়ার করি না, আমার দরকার কাজ করা’

‘কে কী বলল কেয়ার করি না, আমার দরকার কাজ করা’

দীর্ঘ হচ্ছে চুয়েটের অচলাবস্থা সুস্থ হয়ে দায়িত্বে ফেরার ঘোষণা ভিসির, মানতে নারাজ শিক্ষার্থীরা

সুস্থ হয়ে দায়িত্বে ফেরার ঘোষণা ভিসির, মানতে নারাজ শিক্ষার্থীরা

জবিতে পশু জবাই নিষিদ্ধের প্রতিবাদে গরুভোজ আয়োজনের ঘোষণা শিক্ষার্থীদের

জবিতে পশু জবাই নিষিদ্ধের প্রতিবাদে গরুভোজ আয়োজনের ঘোষণা শিক্ষার্থীদের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম