নটরডেমিয়ান-৯৯ ব্যাচ
ক্লাব নটরডেমিয়ান্সে ক্যানসার সচেতনতামূলক অনুষ্ঠান সম্পন্ন
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০০ পিএম
‘নটরডেমিয়ান-৯৯’-এর উদ্যোগে ক্যানসার সচেতনতামূলক অনুষ্ঠান।
|
ফলো করুন |
|
|---|---|
‘নটরডেমিয়ান-৯৯’-এর উদ্যোগে ক্লাব নটরডেমিয়ান্সের ফাদার পিশোতো অডিটোরিয়ামে একটি গুরুত্বপূর্ণ ক্যানসার সচেতনতামূলক অনুষ্ঠান অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্যসচেতনতা ও রোগ প্রতিরোধমূলক এই আয়োজনে বিভিন্ন ব্যাচের অগ্রজ, অনুজ, সহপাঠী এবং তাদের পরিবারের সদস্যসহ প্রায় শতাধিক অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জনাব জহির উদ্দিন স্বপন। এ ছাড়া অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- ক্লাব নটরডেমিয়ান্সের প্রেসিডেন্ট জনাব নাসের বখতিয়ার, সাবেক প্রেসিডেন্ট জনাব রেফায়েত উল্লাহ এবং সিএনবিএল-এর কার্যনির্বাহী সদস্য জনাব শেখ মনিরুল আলম টিপু, জনাব খালেদ ফয়সাল রহমান, জনাব মাহবুবুর রহমান ও জনাব মল্লিক নজরুল ইসলাম।
পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর নটরডেমিয়ান-৯৯-এর পক্ষ থেকে স্বাগত বক্তব্য প্রদান করা হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- ক্লাব নটরডেমিয়ান্সের প্রেসিডেন্ট, সাবেক প্রেসিডেন্ট এবং মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা। বক্তারা এ ধরনের সময়োপযোগী ও জনসচেতনতামূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বিশেষজ্ঞ চিকিৎসকদের তথ্যবহুল ও দিকনির্দেশনামূলক সেশন:
জরায়ুমুখ ক্যানসার: জরায়ুমুখ ক্যানসার সচেতনতা ও এর প্রতিকার নিয়ে বিস্তারিত আলোচনা করেন ক্যান্সার বিশেষজ্ঞ ডা. সাবরিনা তাহের।
নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যঝুঁকি: নিরাপদ খাদ্যের প্রয়োজনীয়তা এবং অনিরাপদ খাদ্যের কারণে ক্যানসার হওয়ার সম্ভাব্যতা নিয়ে আলোকপাত করেন নটরডেমিয়ান-৯৯-এর বন্ধু ও নিরাপদ খাদ্য বিশেষজ্ঞ অধ্যাপক ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন।
স্তন ক্যানসার: স্তন ক্যানসার নিরীক্ষা পদ্ধতি ও করণীয় নিয়ে আলোচনা করেন ক্যানসার বিশেষজ্ঞ ডা. সিনথিয়া আফরিন।
রোগীর অভিজ্ঞতা: অনুষ্ঠানে দুজন ক্যানসার আক্রান্ত রোগী সরাসরি ও ভিডিওবার্তার মাধ্যমে তাদের জীবনের সংগ্রাম ও লড়াইয়ের অভিজ্ঞতা শেয়ার করেন।
চিকিৎসা ও পলিসি: ক্যানসার চিকিৎসা, বিদ্যমান সীমাবদ্ধতা, সুযোগ, রোগী ও পরিবারবর্গের করণীয় এবং সংশ্লিষ্ট বিভিন্ন পলিসি নিয়ে বিস্তারিত আলোচনা করেন নটরডেমিয়ান-৯৯-এর সভাপতি ও এভারকেয়ার হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট (অনকোলজি) ডা. আরমান রেজা চৌধুরী।
প্রতিটি সেশন শেষে অংশগ্রহণকারীদের জন্য উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়। এ ছাড়া আলোচ্য বিষয়বস্তুর ওপর একটি অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে বিজয়ী তিনজনকে ‘টেকনো মোবাইল’-এর সৌজন্যে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানটিতে অংশগ্রহণকারীদের আপ্যায়নের পাশাপাশি অ্যাওয়ারনেস পার্টনার ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিনের সৌজন্যে বিশেষ কিছু স্বাস্থ্যসেবা ও উপহারের ব্যবস্থা করা হয়। এর মধ্যে ২০ জন আগ্রহী নারীকে বিনামূল্যে স্তন ক্যানসার স্ক্রিনিং ও পরামর্শসেবা দেওয়া হয়। এ ছাড়া এমজিআই-এর সৌজন্যে প্রতিটি পরিবারকে উপহারসামগ্রী প্রদান করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে ক্লাব নটরডেমিয়ান্সকে এ ধরনের জনকল্যাণমুখী আয়োজনে উৎসাহ ও সহযোগিতা প্রদানের জন্য বিশেষ ধন্যবাদ জানানো হয়। সীমিত আসনসংখ্যার কারণে অনেককে আমন্ত্রণ জানাতে না পারায় আয়োজক কমিটি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
সবার আন্তরিক অংশগ্রহণ ও ভালোবাসায় সফল হওয়া এই আয়োজনে অংশ নেওয়া সকল নটরডেমিয়ান ও তাদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে নটরডেমিয়ান-৯৯ ব্যাচ। ভ্রাতৃত্বের জয়গান গেয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে এই সচেতনতামূলক অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

-6acf50270b4b1-6ad24d7ca9701.webp)