কামিল পরীক্ষার্থীদের জন্য সুখবর
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কামিল পরীক্ষার্থীদের সুখবর দিল ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। কামিল (স্নাতকোত্তর) দুই বছর মেয়াদি প্রথম ও দ্বিতীয় পর্বের পরীক্ষার ফরম পূরণ ফি প্রতি পত্রে ১০০ টাকা কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি পত্রের ফি ৩৫০ টাকা থেকে কমিয়ে ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।
আদেশে বলা হয়, গত ১৮ অক্টোবর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ফি পুনর্নির্ধারণ কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী কামিল পরীক্ষার ফরম পূরণ ফি পুনর্নির্ধারণ করা হয়েছে। তবে ২০২৬ সালের ২৫ জানুয়ারি প্রকাশিত অফিস আদেশে উল্লেখ করা অন্যান্য ফি অপরিবর্তিত থাকবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর অধিভুক্ত মাদরাসার অধ্যক্ষদের সঙ্গে এক মতবিনিময় সভায় অধ্যক্ষরা অধিভুক্তি নবায়ন, পরীক্ষা ও নিবন্ধন ফিসহ বিভিন্ন ফি কমানোর দাবি জানান। তাদের মতে, এসব ফি শিক্ষার্থীদের সাধ্যের বাইরে।
ওই সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমানোর আশ্বাস দেন।
তিনি বলেন, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেকোনো যৌক্তিক দাবি মেনে নিতে আন্তরিক। এরই পরিপ্রেক্ষিতে ফি কমিয়ে অফিস আদেশ জারি করা হয়েছে।
