এমপিও শিক্ষকদের নতুন পে-স্কেল বাস্তবায়নে টাকা বরাদ্দের চিঠি নিয়ে যা জানা গেল
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০১:০৭ পিএম
ফাইল ছবি।
|
ফলো করুন |
|
|---|---|
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য জাতীয় বেতন স্কেল-২০২৬ বাস্তবায়নে অতিরিক্ত ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ প্রস্তাবের জন্য চিঠি প্রস্তুত করতে বলা হয়েছে।
চিঠিতে চলতি ২০২৬-২৭ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অনুকূলে এ টাকা বরাদ্দ দিতে অর্থ বিভাগকে অনুরোধ জানানো হবে বলে জানা গেছে।
রোববার (১ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র এ তথ্য জানিয়েছে। তবে ফেসবুকে ছড়িয়ে পড়া এ সংক্রান্ত একটি চিঠি নিয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা সচিব, তিন অধিদপ্তরের ডিজি এখনো কোনো বক্তব্য জানাননি।
এদিকে ওই চিঠিতে বলা হয়েছে, শিক্ষা খাতের উন্নয়নে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীর অবদান অপরিসীম। সারা দেশের শিক্ষকদের চাকরির সুযোগ সুবিধা বৃদ্ধিসহ তাদের কল্যাণ এবং সার্বিক পরিসেবা উন্নয়নে বর্তমান সরকার কাজ করছে। এ লক্ষ্যে বর্তমান সরকার শিক্ষা খাতের আনুপাতিক বাজেট বৃদ্ধি করছে। এতে শিক্ষক-কর্মচারীদের জীবনযাত্রার মান ও তাদের পেশাদারিত্বের মান বৃদ্ধি পাবে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত সব এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারী জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন ভাতা পাচ্ছে। জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী বেতন ভাতা দিতে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলো অতিরিক্ত ২ হাজার ৫৩১ কোটি ৫৪ লাখ এবং বেসরকারি কলেজগুলো অতিরিক্ত ৭৩৬ কোটি ৩৬ লাখ টাকাসহ সর্বোমোট প্রায় ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা অতিরিক্ত প্রয়োজন হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অনুকূলে ২০২৬-২৭ অর্থবছরে অতিরিক্ত প্রায় ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা দেওয়া প্রয়োজন।
এমন অবস্থায়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য জাতীয় বেতন স্কেল ২০২৬ বাস্তবায়নে চলতি ২০২৬-২৭ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অনুকূলে অতিরিক্ত ৩ হজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

