বুয়েটের আহসানউল্লাহ হলে ককটেল বিস্ফোরণ। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীজুড়ে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনার মধ্যে এবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আহসানউল্লাহ হলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সোমবার (৯ নভেম্বর) রাত ১১টা ৪২ মিনিটের দিকে হলটির একটি কক্ষে জানালার পাশে ককটেল বিস্ফোরিত হয়। এতে জানালার কাচ ভেঙে কক্ষের ভেতরে ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের বরাত দিয়ে জানা গেছে, বিস্ফোরণের সময় কক্ষটির জানালার কাচ ভেঙে ককটেলের গুঁড়া ও কাচের টুকরা বিছানায় গিয়ে পড়ে। এ সময় কক্ষে থাকা শিক্ষার্থীরা বিকট শব্দ ও আগুনের ফুলকি দেখে আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে আসেন।
বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আদিলুল ইসলাম আকিব জানান, আহসানউল্লাহ হলের ১৩৭নং কক্ষের জানালার পাশেই ককটেলটি বিস্ফোরিত হয়। জানালার কাচ ভেঙে ককটেলের গুঁড়া তার বিছানায় গিয়ে পড়ে। তবে ঘটনার সময় তিনি বন্ধুর ১৩৪নং কক্ষে অবস্থান করায় রক্ষা পান।
তিনি আরও জানান, ঘটনাস্থলে মোট তিনটি ককটেল নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে এবং অপর দুটি অবিস্ফোরিত অবস্থায় পাওয়া গেছে। পরে পুলিশ এসে অবিস্ফোরিত ককটেল দুটি উদ্ধার করে। এ সময় বুয়েট প্রশাসনের লোকজনও সেখানে উপস্থিত ছিলেন বলে জানান তিনি।
এ ঘটনায় হলের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

