Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

পুনর্নিরীক্ষণে ফল বদলালে ঢাবিতে আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৩:১১ পিএম

পুনর্নিরীক্ষণে ফল বদলালে ঢাবিতে আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর

Advertisement

পুনর্নিরীক্ষণে যেসব শিক্ষার্থীর পরীক্ষার ফল পরিবর্তন হয়ে ভালো হবে, তাদেরও ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তির আবেদনের সুযোগ দিতে সময়সীমা আরও কয়েক দিন বাড়ানোর অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোকে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করার আহ্বান জানিয়েছেন তিনি। 

শনিবার (১৪ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির (বিসিএস) ৪২তম বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় রসায়নবিষয়ক উদ্ভাবন’ প্রতিপাদ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভর্তি আবেদনের সময়সীমা ২৫ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করেছেন উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল ২৩ নভেম্বরের মধ্যে প্রকাশ করা হবে। এতে অনেক শিক্ষার্থীর ফল পরিবর্তন হতে পারে। তাই যেসব শিক্ষার্থীর ফল ভালো হবে, তারাও যেন বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে পারে, সে জন্য ঢাবির উপাচার্যকে আবেদনের সময়সীমা আরও কয়েক দিন বাড়ানোর অনুরোধ জানাব।

শিক্ষামন্ত্রী বলেন, এবারের এসএসসি পরীক্ষার ফল খুব একটা ভালো হয়নি। পাশের হার ছিল ৫২ শতাংশ। এ অবস্থায় পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রায় ৪৫ হাজার শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। এর মধ্যে আগে অকৃতকার্য হওয়া প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী পাশ করেছে। এ ছাড়া ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থীর জিপিএ বেড়েছে।

তিনি বলেন, ১৯৮০ সালের প্রচলিত আইনে পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ক্ষমতা ছিল না। এ বছর জাতীয় সংসদে আইনটি সংশোধন করে নতুন আইন পাশ করা হয়েছে। ফলে এখন পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের সুযোগ তৈরি হয়েছে। পুনর্নিরীক্ষণে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পরীক্ষকদের প্রশিক্ষণেরও উদ্যোগ নেওয়া হচ্ছে।

শিক্ষামন্ত্রী জানান, যেসব শিক্ষার্থী এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে, তাদের জন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এ পরীক্ষার দ্বিতীয় ধাপ ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এবং ফল প্রকাশ করা হবে ২৩ ডিসেম্বর। যারা এতে উত্তীর্ণ হবে, তারা বিশ্ববিদ্যালয়ে আসন খালি থাকা সাপেক্ষে ভর্তির সুযোগ পাবে।

তিনি বলেন, দেশে বর্তমানে উচ্চশিক্ষার জন্য প্রায় ১৫ লাখ আসন রয়েছে। অথচ শিক্ষার্থীর সংখ্যা প্রায় ছয় লাখ। ৫৭টি সরকারি ও ১১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ রয়েছে। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, বুয়েটসহ নামকরা বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রম স্বাভাবিকভাবে চালিয়ে যেতে হবে। পুনরায় পরীক্ষার ফলের জন্য এসব প্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম আটকে রাখা যাবে না।

বিশ্ববিদ্যালয়গুলোতে সেশনজট নিরসনের আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আমার বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়। জীবনের সবচেয়ে দীর্ঘ সময় এই বিশ্ববিদ্যালয়েই কাটিয়েছি। চার বছরের কোর্স শেষ করতে আমার আট বছরেরও বেশি সময় লেগেছিল। আশা করি, ভবিষ্যতে আর কোনো শিক্ষার্থীকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে না।

তিনি বলেন, একটি চার বছরের কোর্স চার বছরেই এবং পাঁচ বছরের কোর্স পাঁচ বছরেই শেষ করতে হবে। কোনোভাবেই এর বেশি সময় নেওয়া উচিত নয়। বেশি সময় লাগলে সেটি প্রশাসনের ব্যর্থতা। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শিক্ষার্থীদের সময়ের মূল্য বুঝতে হবে। অভিভাবকদের সময়ও অযথা নষ্ট করা যাবে না।

আগের সরকারের শিক্ষা খাতের কর্মকাণ্ডের সমালোচনা করে শিক্ষামন্ত্রী বলেন, আগের সরকার শিক্ষা খাতের প্রতি কতটা উদাসীন ছিল, তা অবিশ্বাস্য। দপ্তরে বসে আগের সরকারের কর্মকাণ্ড দেখলে বিশ্বাস করতে কষ্ট হয়, একটি সরকার শিক্ষা খাতের উন্নয়নে এতটা উদাসীন থাকতে পারে।

শিক্ষার্থীদের শিক্ষাজীবনের সময় সাশ্রয়ের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, একজন শিক্ষার্থীর ১৬ বছর বয়সে এসএসসি এবং ১৮ বছর বয়সে উচ্চমাধ্যমিক শেষ করার কথা। কিন্তু বিভিন্ন প্রশাসনিক জটিলতায় অনেক ক্ষেত্রে এসএসসি পাশ করতে ১৭ বছর এবং উচ্চমাধ্যমিক শেষ করতে ২০ বছর লেগে যাচ্ছে। এতে একজন শিক্ষার্থীর জীবন থেকে দুই বছর নষ্ট হচ্ছে। ২০ লাখ শিক্ষার্থীর প্রত্যেকের দুই বছর করে সময় নষ্ট হলে দেশের জনমিতিক লভ্যাংশ থেকে ৪০ লাখ শিক্ষার্থী-বর্ষ হারাতে হয়। এই ক্ষতির দায় কার?

শিক্ষামন্ত্রী জানান, ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ১৫ মার্চ থেকে শুরু হবে। এক মাসের মধ্যে পরীক্ষা শেষ করে ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে। পরীক্ষার সময়সূচি ও ফল প্রকাশসহ পুরো প্রক্রিয়া নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করতে চায় সরকার।

শিক্ষা, বিজ্ঞান, উদ্ভাবন ও গবেষণা খাতে সরকারের বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনার কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ দিয়েছেন। বর্তমানে এ খাতে বরাদ্দ প্রায় ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা, যা গত বছর ছিল প্রায় ৮৭ হাজার কোটি টাকা। গবেষণা, উদ্ভাবন ও উন্নয়ন খাতে আরও বেশি অর্থ বরাদ্দের অনুরোধ জানানো হলে প্রধানমন্ত্রী তাতে সম্মতি দিয়েছেন।

তিনি বলেন, বাংলাদেশ কেমিক্যাল সোসাইটি ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠান এগিয়ে এলে তাদের জন্য আরও বেশি অর্থ বরাদ্দ করা সম্ভব হবে। ইউজিসির অধীন প্রায় পাঁচ হাজার কোটি টাকার হিট (হিট) প্রকল্পের মাধ্যমেও গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এইচএসসি সাপ্লিমেন্টারি-পুণর্মূল্যায়নের ফল প্রকাশ ডিসেম্বরেই: শিক্ষামন্ত্রী

এইচএসসি সাপ্লিমেন্টারি-পুণর্মূল্যায়নের ফল প্রকাশ ডিসেম্বরেই: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের বদলি নিয়ে সংসদে যা বললেন শিক্ষামন্ত্রী

শিক্ষকদের বদলি নিয়ে সংসদে যা বললেন শিক্ষামন্ত্রী

৫ উদ্যোগের কথা জানালেন শিক্ষামন্ত্রী

৫ উদ্যোগের কথা জানালেন শিক্ষামন্ত্রী

বিএ পাশ না হয়েও কীভাবে ম্যানেজিং কমিটির সভাপতি হওয়া যাবে, জানালেন শিক্ষামন্ত্রী

বিএ পাশ না হয়েও কীভাবে ম্যানেজিং কমিটির সভাপতি হওয়া যাবে, জানালেন শিক্ষামন্ত্রী

পে স্কেল ‍নিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর দিলেন মন্ত্রী

পে স্কেল ‍নিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর দিলেন মন্ত্রী

নতুন দায়িত্ব পেলেন শিক্ষামন্ত্রী

নতুন দায়িত্ব পেলেন শিক্ষামন্ত্রী

আরও পড়ুন

ঢাবিতে যানবাহন প্রবেশ নিয়ন্ত্রণের সিদ্ধান্ত, তল্লাশির মুখোমুখি হতে পারেন যে কেউ

ঢাবিতে যানবাহন প্রবেশ নিয়ন্ত্রণের সিদ্ধান্ত, তল্লাশির মুখোমুখি হতে পারেন যে কেউ

পুনর্নিরীক্ষণে ফল বদলালে ঢাবিতে আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর

পুনর্নিরীক্ষণে ফল বদলালে ঢাবিতে আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর

এইচএসসি সাপ্লিমেন্টারি-পুণর্মূল্যায়নের ফল প্রকাশ ডিসেম্বরেই: শিক্ষামন্ত্রী

এইচএসসি সাপ্লিমেন্টারি-পুণর্মূল্যায়নের ফল প্রকাশ ডিসেম্বরেই: শিক্ষামন্ত্রী

জেনে নিন গুচ্ছ ভর্তিতে কোন বিশ্ববিদ্যালয়ে কতটি আসন রয়েছে

জেনে নিন গুচ্ছ ভর্তিতে কোন বিশ্ববিদ্যালয়ে কতটি আসন রয়েছে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম