ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০২:৪৫ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা আয়োজন না করার হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। আদালতের পূর্ণাঙ্গ আদেশের কপি হাতে পাওয়ার পর এ বিষয়ে আইনি পদক্ষেপ নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (১৮ নভেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।
তিনি বলেন, ‘প্রয়োজনীয় কাগজপত্র হাতে পেলেই আমরা আপিল করব। বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি সিদ্ধান্ত নিয়েছিল, এর ওপর হাইকোর্ট একটি রায় দিয়েছেন। এখন আমরা হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করব। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পূর্ববর্তী সিদ্ধান্ত বহাল রাখার চেষ্টা করব।’
এর আগে, বুধবার সকালে এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ দেন হাইকোর্ট।
আদেশ অনুযায়ী, এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি পরীক্ষা নিতে পারবে না। একই সঙ্গে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এ স্থগিতাদেশ কার্যকর থাকবে বলে নির্দেশনা দেওয়া হয়।
এদিকে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি আগেই ঘোষণা করা হয়েছিল। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৫ ডিসেম্বর থেকে ভর্তি পরীক্ষা শুরু হয়ে ২৬ ডিসেম্বর পর্যন্ত চলার কথা। ফলে হাইকোর্টের এ নির্দেশের কারণে বিশ্ববিদ্যালয়ের পূর্বঘোষিত ভর্তি পরীক্ষার সূচি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ৩১ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়। এরপর উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য সাত দিনে ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি বিষয়ে আবেদন করেন।

