যাত্রাবাড়ীতে পাওনা টাকার বিরোধে তরুণীকে কুপিয়ে হত্যা
Advertisement
যাত্রাবাড়ী (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ পিএম
যাত্রাবাড়ী থানার কাজলা ভাঙ্গা প্রেস এলাকায় এ ঘটনা ঘটে। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে একই পরিবারের চারজনকে এলোপাথাড়ি কুপিয়ে আহত করার ঘটনায় দিয়া আক্তার (২০) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে যাত্রাবাড়ী থানার কাজলা ভাঙ্গা প্রেস এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- মৌসুমী আক্তার (৩৫), মুয়াজ (১৫) ও জয়া (১২)। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। নিহত দিয়া আক্তার রাজধানীর শেখ বোরহান উদ্দিন কলেজের শিক্ষার্থী ছিলেন।
হাসপাতালে আহতদের নিয়ে যাওয়া বিল্লাল হোসেন জানান, আবু মুসা নামে এক ঠিকাদার নবীউল্লাহর কাছে পাওনা টাকা চাইতে ভোরে তার বাসায় যান। এ সময় দুজনের মধ্যে কথাকাটাকাটি হলে নবীউল্লাহ আবু মুসাকে কুপিয়ে আহত করে।
এরপর আবু মুসা নবীউল্লাহর স্ত্রী মৌসুমী আক্তারকে কুপিয়ে গুরুতর জখম করেন, এতে তার বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় দিয়া আক্তার, জয়া ও মুয়াজকেও কুপিয়ে আহত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক দিয়াকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজন চিকিৎসাধীন আছেন।
এ ঘটনায় আবু মুসাও আহত হন এবং তিনি বর্তমানে পুলিশি পাহারায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন। উভয় পক্ষের বাড়ি যাত্রাবাড়ীর কাজলা ভাঙ্গা প্রেস এলাকায়।
এ ঘটনায় যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাজু যুগান্তরকে বলেন, পাওনা টাকা বা পূর্ব শত্রুতার জের ধরে তাদের কথাকাটির একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটে। এতে দিয়া আক্তার নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

-673cf46906f66-673e406006a5e-690bc8776d248-69de31e718764.jpg)