মোহাম্মদপুরে ব্যবসায়ী ও তার ছেলেকে গুলি করে হত্যাচেষ্টা
Advertisement
হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০২:৫১ এএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় কাঁচামাল ব্যবসায়ী সুমন আলী (৪৫) ও তার ছেলে ফাহিমকে (২৫) গুলি ও ছুরিকাঘাত করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে মোহাম্মদপুরের মো. বাসস্ট্যান্ড সংলগ্ন ফলপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। আহত বাবা ও ছেলে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
আহত সুমন আলীর গ্রামের বাড়ি বিক্রমপুরের রাজাবাড়ী দিঘিরপাড় এলাকায়। তিনি পরিবার নিয়ে রাজধানীর বসিলা ৪০ ফুট গার্ডেন সিটি এলাকায় বসবাস করেন। তার বাবার নাম হোসেন আলী।
আহত ফাহিমের ভাষ্য, ঘটনার সময় রাতে তিনি তাদের কাঁচামালের দোকানে বসা ছিলেন। এ সময় মুখ ও মাথায় মাস্ক, রুমাল ও ক্যাপ পরা ছয়জন দুর্বৃত্ত অতর্কিতে তাদের ওপর হামলা চালায়। হামলাকারীদের হাত থেকে বাঁচতে ফাহিম দৌড়ে পালানোর চেষ্টা করলে তারা তার পেটের ডান পাশে ছুরিকাঘাত করে।
দূর থেকে ছেলের ওপর হামলার ঘটনা দেখতে পেয়ে সুমন আলী তাকে বাঁচাতে দৌড়ে এগিয়ে যান। এ সময় তিনি হামলাকারীদের একজনকে জাপটে ধরেন। পরে দুর্বৃত্তরা সুমন আলীর বাম পায়ের হাঁটুর নিচে গুলি করে পালিয়ে যায় বলে অভিযোগ করেছেন ফাহিম।
ফাহিমের অভিযোগ, হামলাকারীরা ‘সাজ্জাদ গ্রুপ’-এর সদস্য। ছয়জনের মধ্যে মুন্না (২৬), রাব্বি (২৬) ও মনির হোসেন নামে কয়েকজনকে তারা শনাক্ত করতে পেরেছেন বলে জানান তিনি।
হামলার পেছনে পূর্বশত্রুতার বিষয়টি উল্লেখ করে ফাহিম বলেন, গত মাসে ফরহাদ নামে তার এক মামা খুন হন। ওই হত্যাকাণ্ডের ঘটনায় তার বাবা গণমাধ্যমের সামনে কথা বলেছিলেন। ফাহিমের ধারণা, ওই ঘটনার ক্ষোভ ও পূর্বশত্রুতার জের ধরেই তাদের ওপর এ হামলা চালানো হয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মোহাম্মদপুরে সংঘটিত এ ঘটনায় আহত দুজনই বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
