মন্দিরের মূর্তি ভাঙচুরের অভিযোগে যুবক গ্রেফতার
যাত্রাবাড়ী (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৮:০২ পিএম
এ ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর কদমতলী মন্দিরে মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে শ্যামপুর পালপাড়া পারিবারিক শ্যামা কালী মন্দিরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আমিন (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার আমিনের বোন সায়মাসহ এলাকার লোকজন জানান, আমিন একজন মাদকাসক্ত যুবক। ড্রেনসহ মানুষের টয়লেট পরিষ্কার করে। হয়তো কোনো কিছু চুরি করতে গিয়ে এ ঘটনা ঘটিয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, রেনু দাস নামের একজন মন্দিরটি দেখাশুনা করেন। সোমবার (২৯ জুন) সকালে পূজা দিতে গিয়ে দেখে মূর্তির মাথা ভাঙ্গা।
হিন্দু বৌদ্ধ খ্রিস্ট্রান ঐক্য পরিষদের কদমতলী থানার সভাপতি নির্মল খাসকেল বলেন, শ্যামপুর কালী মন্দিরে একটি মূর্তি ভাঙচুর করা হয়েছে। খবর পেয়ে ডিএমপির যুগ্ম কমিশনার, ওয়ারী জোনের ডিসি, এডিসি, স্থানীয় বিএনপির নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেন। সে জন্য সকলের কাছে কৃতজ্ঞ। ঘটনায় অন্য কোনো ষড়যন্ত্র আছে কিনা তা ক্ষতিয়ে দেখার দাবি জানাই।
এ ঘটনায় ডিএমপির যুগ্ম কমিশনার মহিদুল ইসলাম যুগান্তরকে বলেন, মূর্তি ভাঙচুরের খবর পেয়ে সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করি। ঘটনার সাথে জড়িত ব্যক্তি আমিনকে গ্রেফতার করা হয়েছে। খোঁজ নিয়ে জানতে পারলাম অভিযুক্ত আমিন একজন মাদকাসক্ত। ৩ মাস পূর্বেও রিহ্যাব সেন্টারে ছিল। তার বিরুদ্ধে কদমতলী থানায় ২টি মাদক মামলা রয়েছে। ওই যুবক হাসসহ যে কোনো মূর্তি দেখলে ভাঙচুর করে। চুরি করার উদ্দেশে ঢুকে মন্দির ভাঙচুর করেছে বলে অভিযুক্ত আমিন জানিয়েছেন। তার কাছ থেকে মন্দিরের ২টি ত্রিশূল জব্দ করা হয়েছে। ঘটনায় অন্য কোনো ষড়যন্ত্র আছে কিনা আমরা তদন্ত করছি। এ বিষয়ে কদমতলী থানায় মামলা প্রক্রিয়াধীন।

