মিরপুরে শ্রমিকদের সড়কে নামার চেষ্টা, আটক দু-চারজন
মিরপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পিএম
ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) ক্রাইম প্রিভেনশন-উত্তর মো. মহিদুল ইসলাম। সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিকদের জমায়েত হওয়ার চেষ্টা থাকলেও কোথাও বড় ধরনের সড়ক অবরোধের ঘটনা ঘটেনি। পুলিশের দাবি, সকাল থেকে বিভিন্ন এলাকায় শ্রমিকদের সড়কে নামার চেষ্টা পুলিশ বুঝিয়ে-শুনিয়ে প্রতিহত করেছে।
ফলে স্বাভাবিক ছিল যান চলাচল, জনদুর্ভোগও তৈরি হয়নি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) ক্রাইম প্রিভেনশন-উত্তর মো. মহিদুল ইসলাম।
তিনি বলেন, মিরপুরের অবস্থা একেবারেই স্বাভাবিক। সকাল থেকে কোথাও কোনো ধরনের সড়ক অবরোধ বা শ্রমিকদের রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টির ঘটনা ঘটেনি। তবে বিভিন্ন জায়গায় কিছু শ্রমিক সড়কে নামার চেষ্টা করেছেন। বিশেষ করে রূপনগর, মিরপুর-১, মিরপুর-১১ ও কাফরুল রোডের বিভিন্ন ফিডার সড়কে ভেতরে ভেতরে জমায়েত হওয়ার চেষ্টা করেন তারা। পুলিশ তাদের বুঝিয়ে ফিরিয়ে দিয়েছে।
মো. মহিদুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মিরপুর বিভাগের বিভিন্ন এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন ছিল। পুলিশ কর্মকর্তারাও মাঠে উপস্থিত ছিলেন। কেউ যাতে শ্রমিকদের উসকানি দিয়ে সড়কে নামিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করতে না পারে, যান চলাচল বন্ধ করতে না পারে কিংবা রাষ্ট্রীয় সম্পদ ও সম্পত্তির ক্ষতি করতে না পারে, সে জন্য পুলিশ সতর্ক অবস্থানে ছিল।
আটকের বিষয়ে তিনি বলেন, দু-চারজনকে আটক করা হয়ে থাকতে পারে। তাদের জিজ্ঞাসাবাদ করে দেখা হচ্ছে, তারা পোশাকশ্রমিক কিনা বা অন্য কোনো এলাকা থেকে এসেছেন কিনা। তারা সাধারণ মানুষ হলে ছেড়ে দেওয়া হবে। তবে কারও বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মিরপুরের সার্বিক পরিস্থিতি তুলে ধরে এই পুলিশ কর্মকর্তা বলেন, সকাল থেকেই যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। কোথাও সড়ক অবরোধ, রাস্তা বন্ধ বা বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। পুরো পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।
শ্রমিকদের আন্দোলনের বিষয়ে মো. মহিদুল ইসলাম বলেন, শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে মজুরি বোর্ড গঠন হয়েছে এবং এ বিষয়ে অগ্রগতিও রয়েছে। তাই এই আন্দোলনের আর যৌক্তিকতা নেই বলে মনে করে পুলিশ। এরপরও কেউ উসকানি দিয়ে বিশৃঙ্খলা, অরাজকতা বা নাশকতার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে।
তিনি আরও বলেন, যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা আইন লঙ্ঘনের চেষ্টা করবে, তাদের অপরাধী হিসেবে বিবেচনা করে আইনের আওতায় আনা হবে।
