গাজীপুরে দিনভর শ্রমিক আন্দোলন, ২৬ কারখানা বন্ধ ঘোষণা
যুগান্তর প্রতিবেদন, গাজীপুর
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পিএম
গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে দফায় দফায় শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া-পালটাধাওয়ার ঘটনা ঘটে। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে দফায় দফায় শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া-পালটাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও বিজিবি টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ ঘটনায় জেলার ২৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
সোমবার (১৬ নভেম্বর) দিনভর এই ধাওয়া-পালটাধাওয়ার ঘটনা ঘটে।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, সোমবার সকালে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় একটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার বাইরে অবস্থান নেন। একপর্যায়ে তারা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করেন শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। এ সময় শ্রমিকরা উত্তেজিত হয়ে উঠলে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করা হয়।
এরপর দুপুরের পর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় আরও একাধিক কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে আন্দোলন শুরু করেন। এ সময় তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে দেয়।
এছাড়া বিকাল ৪টার দিকে মহানগরীর নাওজোর এলাকায় কয়েকটি কারখানার ছুটির পর শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। এ সময় পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে শ্রমিকরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পালটাধাওয়া শুরু হয়। পরে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করা হয়। তবে বিকাল ৫টার দিকে শ্রমিকরা মিছিল নিয়ে ভোগড়া বাইপাস এলাকায় অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শিল্প পুলিশ জানায়, গত কয়েক সপ্তাহ ধরে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ চলছে। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শ্রমিকরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন। এর জেরে বিভিন্ন এলাকায় কারখানায় ছুটি ঘোষণা করা হচ্ছে। কোথাও কোথাও উৎপাদন বন্ধ রয়েছে। সব মিলিয়ে গাজীপুরে ২৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।
শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ১২ প্লাটুন বিজিবি, ৬ প্লাটুন ব্যাটালিয়ন আনসার এবং এসআরবির সাতটি টহল গাড়ি দায়িত্ব পালন করছে।
৬৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালেকুজ্জামান জানান, গাজীপুরে নিরাপত্তা নিশ্চিত করতে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব জানান, গাজীপুর শিল্পাঞ্চলে অন্যান্য বাহিনীর পাশাপাশি ছয় প্লাটুন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, ক্রমাগত শ্রমিক অসন্তোষের জেরে শ্রম আইন অনুযায়ী ২৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কয়েকটি স্থানে শ্রমিকরা অবস্থান নিলে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।

