প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে জাফর নামে এক ভূমি ব্যবসায়ীর বাড়িতে গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। এরপর হুমকি দিয়ে বলেছে- ‘আজ বাড়িতে গুলি করেছি, কাল শরীরে করব’।
রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর বায়েজিদ বোস্তামী থানার শহীদনগর এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিতে ভবনের দ্বিতীয়তলার জানালার কাচ ভেঙে গেলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ভুক্তভোগী বাড়ির মালিক জাফর জানান, পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী রায়হানের পরিচয় দিয়ে তার কাছ থেকে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। চাঁদা না দেওয়ায় রোববার রাতে দুটি মোটরসাইকেলে করে এসে সন্ত্রাসীরা ভবনের দ্বিতীয়তলা লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলির পর তাকে পুনরায় ফোন করে বলা হয়, ‘আজ বিল্ডিংয়ে গুলি করেছি, কাল তোর শরীরে করব। কাফনের কাপড় কিনে রাখিস।’
জাফর আরও বলেন, প্রায় ১০ মাস আগে রায়হান পরিচয়ে তার কাছ থেকে ২০ লাখ টাকা চাঁদা চাওয়া হয়েছিল। সেই সময় স্ত্রীকে চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাওয়ার কথা বললে তারা আর যোগাযোগ করেনি। এরপর গত বুধবার (১১ নভেম্বর) আবারও ফোন করে চাঁদা দাবি করা হয়। এর জেরে রোববার রাতে ভবনের দ্বিতীয়তলার যে কক্ষ লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেখানে কেউ থাকতেন না।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ত্রাসী রায়হান বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অন্যতম সহযোগী। হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনের ১৫টি মামলার আসামি রায়হান বিদেশি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ফোন করে নগর ও জেলার বিভিন্ন স্থানে চাঁদাবাজি করে আসছেন এবং চাঁদা না পেলে তার সহযোগীরা গুলি চালাচ্ছেন। তবে রায়হানের নাম ব্যবহার করে কিছু স্থানীয় সন্ত্রাসীও চাঁদাবাজি করছে বলে অভিযোগ রয়েছে।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, ঘটনাটি আমরা খতিয়ে দেখছি এবং কারা এর সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করার কাজ চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
