‘তুই আমার বাপ, আর মারিস না’, আকুতির পরও ছুরিকাঘাত
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামের রাউজানে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও পোস্ট করা কেন্দ্র করে মোহাম্মদ মুরাদ নামে এক দোকানিকে তাড়া করে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়েছে। মুহাম্মদ সাব্বির নামে এক যুবক এই হামলা চালায়।
শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পথেরহাট বাজারের আমির মার্কেটে এ ঘটনা ঘটে।
ফেসবুকে এ ঘটনা ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়-সাব্বির মুরাদকে ছুরিকাঘাত করার সময় বলছে, ‘তোর ভাই ভিডিও ডিলিট করবে কি না বল, নইলে মেরে ফেলব।’ এ সময় মুরাদ তাকে প্রাণে না মারার আকুতি জানিয়ে বলেন, ‘তুই আমার বাপ, আমাকে আর মারিস না। আমি আমার ভাইকে বলব, ভিডিও ডিলিট করে দিতে। ওকে বিদেশে পাঠিয়ে দেব। আমাকে প্রাণে বাঁচতে দে।’ এরপরও তাকে আঘাত করতে থাকে সে।
পরে আহত মুরাদকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তার বাড়ি নোয়াপাড়া ইউনিয়নের পটিয়াপাড়া গ্রামে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মুরাদের ছোট ভাই মোহাম্মদ মানিকের সঙ্গে একই গ্রামের মুহাম্মদ সাব্বিরের বিরোধ চলছিল। সম্প্রতি সাব্বিরকে নিয়ে ফেসবুকে একটি ভিডিও আপলোড করেন মানিক। শনিবার রাতে এ ভিডিওর বিষয় নিয়ে মুরাদের দোকানে মানিক ও সাব্বিরের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মানিক পাথর দিয়ে সাব্বিরের মাথায় আঘাত করে সেখান থেকে চলে যায়।
এর কিছুক্ষণ পর ছোরা ও লোহার রড নিয়ে মুরাদের দোকানে ফিরে আসে সাব্বির। সে মুরাদের কাছে তার ভাই মানিক কোথায় জানতে চায়। একপর্যায়ে হামলার জন্য উদ্যত হলে মুরাদ দোকান থেকে বের হয়ে পাশের একটি দোকানে আশ্রয় নেন। তাকে ধাওয়া করে একপর্যায়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে সে। এতে মুরাদ মাটিতে লুটিয়ে পড়েন। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সাব্বির।
রাউজান থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, ‘ফেসবুকে ভিডিও পোস্ট করা করে এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত সাব্বিরকে গ্রেফতারের চেষ্টা চলছে।’
