মেধাবীরা রাজনীতিতে এলে এমন নৈরাজ্য সৃষ্টি হতো না: এমপি নুরুল আমিন
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পিএম
মীরসরাই কলেজের মূল ফটকের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এমপি নুরুল আমিন। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন বলেছেন, ভালো ও মেধাবী শিক্ষার্থীরা রাজনীতিতে না আসার কারণে খারাপ ও পেছনের টেবিলের শিক্ষার্থীরা রাজনীতিতে জায়গা করে নেয়। পরবর্তীতে সেই খারাপ ছাত্রদের নেতৃত্ব মানতে হয় ভালো ছাত্রদের।
তিনি বলেন, রাজনীতি করতে ও মেধাবী এবং ভালো মানুষরা এগিয়ে এলে আজ পৃথিবীতে এমন নৈরাজ্য সৃষ্টি হতো না। দেশের মানুষের জন্য আরও কল্যাণ এবং সুখময় হতো সব প্রকার পরিবেশ। তবে তার জন্য প্রয়োজন পড়ালেখা করে আগে নিজেদের যোগ্য করে তোলা।
রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় মীরসরাই কলেজের প্রস্তাবিত নতুন মূল ফটকের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নুরুল আমিন বলেন, মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসলে আজ কিশোর গ্যাং ও মাদকের প্রভাব থেকেও দেশ মুক্ত হতো। সব অপকর্ম থেকে দূরে থেকে শিক্ষার্থীদের সুস্থ ধারার রাজনীতিতে সম্পৃক্ত হবার আহ্বান জানান তিনি।
শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষার্থীরা যেন বিপথে পরিচালিত না হয়, সে বিষয়ে শিক্ষকদের বিশেষ নজর রাখতে হবে। মাসে অন্তত একদিন শিক্ষার্থীদের নিয়ে কিশোর গ্যাংয়ের নেতিবাচক প্রভাব ও মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতামূলক আলোচনা করতে হবে। শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালিত করতে শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মীরসরাই কলেজ পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক আতিকুল ইসলাম লতিফীর সভাপতিত্বে প্রফেসর উত্তম কুমার ও নজরুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ রেজাউল করিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মীরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, অভিনন্দন পত্র পাঠ করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ইকবাল হোসেন।
এ সময় স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন।

-6af957939ead2.jpg)