আউলিয়াদের দরবার আত্মশুদ্ধি ও বরকত লাভের শ্রেষ্ঠ স্থান: কাদের গনি
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ পিএম
হযরত শাহসুফি সৈয়দ আবদুল গণি চৌধুরী (ক.)-এর ৯২তম পবিত্র ওরশ শরিফ উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
|
ফলো করুন |
|
|---|---|
অলি-আউলিয়াদের দরবার আত্মশুদ্ধি, রহমত ও বরকত লাভের অন্যতম শ্রেষ্ঠ স্থান বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাহজাদা সৈয়দ কাদের গনি চৌধুরী।
তিনি বলেন, সুফিবাদ বা আত্মশুদ্ধির মূল শিক্ষা হলো অন্তরকে পরিশুদ্ধ করা। যে অন্তরে আল্লাহর জিকির ও রাসুল (সা.)-এর প্রেম রয়েছে, সেখানে অন্য কিছুর স্থান থাকতে পারে না। তবে বর্তমান সময়ে অনেক পীরের আবির্ভাব ঘটায় প্রকৃত অলি-আউলিয়া চেনা কঠিন হয়ে পড়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের ফটিকছড়ির দমদমা গনি মঞ্জিলে হযরত শাহসুফি সৈয়দ আবদুল গণি চৌধুরী (ক.)-এর ৯২তম পবিত্র ওরশ শরিফ উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাদের গনি চৌধুরী বলেন, যুগে যুগে অসংখ্য অলি-আল্লাহ ও সুফি সাধক পৃথিবীতে এসেছেন। বড়পীর হযরত আবদুল কাদের জিলানী (রহ.), খাজা মঈনুদ্দিন চিশতী (রহ.), হযরত শাহজালাল (রহ.), হযরত আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.), হযরত গোলামুর রহমান মাইজভাণ্ডারী (ক.) এবং হযরত শাহ আবদুল গণি চৌধুরী মাইজভাণ্ডারী (ক.) তাদের মধ্যে উল্লেখযোগ্য। তারা আল্লাহর প্রেমে বিভোর থেকে সম্পদের মোহ ত্যাগ করে স্রষ্টার সান্নিধ্য লাভের সাধনায় জীবন অতিবাহিত করেছেন।
তিনি বলেন, প্রকৃত সুফি সাধকরা শরিয়তের বিধান মেনে মারিফতের সাধনায় নিমগ্ন থাকেন। ইসলামে যা হারাম বা ক্ষতিকর, তা কখনো আধ্যাত্মিকতার পথ হতে পারে না।
সুফিবাদের প্রকৃত শিক্ষা তুলে ধরে তিনি বলেন, জিকির, ফিকির, মোরাকাবা ও ইশকে এলাহির মাধ্যমে মানুষের অন্তরে আল্লাহর প্রেম জাগ্রত হয়। এর ফলে মানুষের মধ্যে দয়া, মানবিকতা ও সৃষ্টির প্রতি ভালোবাসা তৈরি হয়। সুফিদের প্রকৃত সাধনা হলো আল্লাহর মহব্বত, জিকির ও মানবতার সেবা। তাই মাদকাসক্তি ও অনৈতিক জীবনযাপন কখনো আধ্যাত্মিক সাধনার অংশ হতে পারে না। যারা সাধুত্বের পরিচয় দিয়ে মাদকাসক্তিতে জড়িত, তারা সুফিবাদের পবিত্র ধারাকে কলঙ্কিত করছে।
বিশ্বখ্যাত সুফি দার্শনিক মাওলানা জালালুদ্দিন রুমি (রহ.)-এর বক্তব্য উল্লেখ করে তিনি বলেন, অলি-আল্লাহর সান্নিধ্য মানুষকে আল্লাহর সান্নিধ্য লাভের পথে এগিয়ে দেয়। এ কারণেই পবিত্র কোরআনে মুমিনদের সত্যনিষ্ঠ ও আল্লাহভীরু ব্যক্তিদের সঙ্গী হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আউলিয়া কেরাম আল্লাহর প্রিয় বান্দা। তাদের জীবনাদর্শ ও সান্নিধ্য মানুষের আত্মশুদ্ধি, নৈতিক উন্নয়ন এবং আল্লাহর নৈকট্য লাভের পথ দেখায়।
প্রফেসর শাহজাদা সফিউল গণি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট গবেষক মুফতি মাওলানা সৈয়দ সালাউদ্দিন। আলোচনায় অংশ নেন অধ্যাপক ড. শেখ সাদি, অধ্যাপক অনাবিল এহসান, অধ্যাপক সালাউদ্দিন, অধ্যাপক আবু তৈয়ব, মাওলানা মুহাম্মদ ইকবাল ইউসুফ, মাওলানা নুরুল ইসলাম ফোরকানী, মাওলানা আলী আজম রেজভীসহ বিশিষ্ট আলেম ও ইসলামি চিন্তাবিদরা।

-6af8776a875ed.jpg)