৯ বছরের শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, শিক্ষককে পিটুনি
বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১০:২৯ পিএম
সর্বশেষ গত বুধবারও ওই শিক্ষক তার সঙ্গে খারাপ কাজ করেছিলেন বলে জানায় শিশুটি।
|
ফলো করুন |
|
|---|---|
নোয়াখালীর বেগমগঞ্জে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৯) ধর্ষণের অভিযোগে সাইফুল ইসলাম নামের এক মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়েছেন স্থানীয় লোকজন। গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষককে উদ্ধার করে পুলিশি পাহারায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বিকালে ওই মাদ্রাসা প্রাঙ্গণে এ গণপিটুনির ঘটনা ঘটে। অভিযুক্ত সাইফুল ইসলাম ওই মাদ্রাসার সহকারী শিক্ষক।
শিশুটির পরিবারের বরাত দিয়ে স্থানীয় লোকজন জানান, শিশুটি ওই মাদ্রাসার তৃতীয় শ্রেণিতে পড়ে। সর্বশেষ গত বৃহস্পতিবার সে মাদ্রাসায় যায়। শনিবার সকালে শিশুটির মা তাকে মাদ্রাসায় যেতে বললে সে অপারগতা প্রকাশ করে।
মায়ের জোরাজুরির একপর্যায়ে শিশুটি জানায়, সাইফুল হুজুর তাকে যৌন নির্যাতন করেন। সর্বশেষ গত বুধবারও ওই শিক্ষক তার সঙ্গে খারাপ কাজ করেছিলেন বলে জানায় শিশুটি।
পরে শিশুটির মা বিষয়টি স্থানীয় লোকজনকে জানান। ঘটনা এলাকায় জানাজানি হলে স্থানীয় লোকজন জড়ো হয়ে ওই মাদ্রাসায় গিয়ে শিক্ষক সাইফুলকে আটক করে গণপিটুনি দেন। খবর পেয়ে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই শিক্ষককে উদ্ধার করে।
স্থানীয়দের অভিযোগ, সাইফুল নামের ওই শিক্ষক এর আগেও একাধিকবার এমন ঘটনা ঘটিয়েছেন।
বেগমগঞ্জ মডেল থানার ওসি শামসুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

