নির্বাচনি পরীক্ষা শেষে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল তিন বন্ধুর
সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১০:৪১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নোয়াখালীর সুবর্ণচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের গার্ডারে ধাক্কা লেগে এক স্কুলছাত্রসহ তিন বন্ধুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার চরজব্বার ইউনিয়নের কাঞ্চন বাজারসংলগ্ন নতুন ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— পূর্ব চরবাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রামের কামাল উদ্দিনের ছেলে আব্দুল করিম (১৭), আবু তাহেরের ছেলে শাহাদাত (১৯) ও রফিকুল ইসলামের ছেলে শামীম (২২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দশম শ্রেণির নির্বাচনি পরীক্ষা শেষে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার সমুদ্রসৈকতে ঘুরতে যাচ্ছিলেন। পথে কাঞ্চন বাজারসংলগ্ন নতুন ব্রিজ পার হওয়ার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডারে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অপরজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
নিহত আব্দুল করিম পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। অপর দুজনের মধ্যে শাহাদাত ইটভাটার শ্রমিক ছিলেন।
পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ছালেহ উদ্দিন বলেন, আব্দুল করিম বৃহস্পতিবার দশম শ্রেণির নির্বাচনি পরীক্ষায় অংশ নিয়েছিল। পরে পরিবারের অজান্তে দুই বন্ধুকে নিয়ে আলেকজান্ডার সমুদ্রসৈকতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল হাসপাতালে পাঠানো হয়। সুরতহাল প্রতিবেদন তৈরির পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ড্রাইভিং লাইসেন্স ও নিবন্ধনবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
