ফেলে দেওয়া কলাগাছ-কচুরিপানায় তৈরি সুতা যাচ্ছে চীন-ইউরোপে
আরিফ সবুজ, সুবর্ণচর (নোয়াখালী)
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পিএম
ফেলে দেওয়া কলাগাছ-কচুরিপানায় সুতা তৈরি করা হচ্ছে
|
ফলো করুন |
|
|---|---|
কৃষকের জমিতে কলার ছড়া কাটার পর ফেলে দেওয়া হয় কলাগাছ। খাল-বিল, পুকুর কিংবা জলাশয়ে বেড়ে ওঠা কচুরিপানাও অনেকের কাছে শুধুই আগাছা। পরিত্যক্ত এসব কলাগাছ ও কচুরিপানা থেকে পরিবেশবান্ধব সুতা তৈরি করে তাক লাগিয়েছেন নোয়াখালীর সুবর্ণচরের তরুণ উদ্যোক্তা শংকর মজুমদার।
তার হাত ধরে নির্জন চরের একটি ছোট উদ্যোগ এখন সম্ভাবনাময় শিল্পে রূপ নিচ্ছে। দেশের গণ্ডি পেরিয়ে তার উৎপাদিত সুতা রপ্তানি হচ্ছে বিদেশে।
সরেজমিন কথা হয় শংকরের সঙ্গে। তিনি জানান, ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে কলাগাছ ও কচুরিপানা থেকে সুতা তৈরির ধারণা পেয়েছেন। নিজের পুঁজি না থাকায় বাবার সহযোগিতায় একটি মেশিন কিনে শুরু করেন কাজ। শুরুতে উদ্যোগটি কতটা সফল হবে, তা নিয়ে সংশয় থাকলেও ধীরে ধীরে তার উৎপাদিত সুতার চাহিদা বাড়তে থাকে। বর্তমানে তার এ কর্মযজ্ঞে ১০ থেকে ১৫ জন শ্রমিক কাজ করছেন। এতে একদিকে যেমন নিজের আয়ের পথ তৈরি হয়েছে, অন্যদিকে স্থানীয় কয়েকজন মানুষের কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হয়েছে।
চাহিদা আছে, সংকট পুঁজিতে
শংকর মজুমদার দৈনিক যুগান্তরকে জানান, তার কারখানায় উৎপাদিত কলাগাছের সুতা দেশের বাজারের পাশাপাশি বিদেশেও সমাদৃত হচ্ছে। বিশেষ করে চীনসহ বিভিন্ন দেশ থেকে এই সুতার জন্য নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। একইভাবে কচুরিপানা থেকে তৈরি সুতারও ইউরোপের বিভিন্ন দেশে চাহিদা রয়েছে। বিদেশি ক্রেতাদের পক্ষ থেকে প্রতি মাসে প্রায় ১০০ টন সুতা সরবরাহের চাহিদা জানানো হচ্ছে; কিন্তু পর্যাপ্ত পুঁজি, প্রয়োজনীয় মেশিন ও উৎপাদন সক্ষমতার অভাবে সেই চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। প্রয়োজনীয় সহযোগিতা পেলে উৎপাদন আরও বাড়ানো সম্ভব।
যেভাবে তৈরি হয় পরিবেশবান্ধব সুতা
শংকরের কারখানার শ্রমিক মিঠুন বলেন, প্রথমে বিভিন্ন স্থান থেকে পরিত্যক্ত কলাগাছ ও কচুরিপানা সংগ্রহ করা হয়। এরপর সেগুলো প্রক্রিয়াজাত করে মেশিনের সাহায্যে বের করা হয় আঁশ বা সুতা। উৎপাদিত সুতা ভালোভাবে পরিষ্কার করার জন্য কয়েক দফা ধোয়া হয়। পরে রোদে শুকিয়ে নির্দিষ্ট প্রক্রিয়ায় প্যাকেটজাত করা হয়। সবশেষে ক্রেতাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন স্থানে পাঠানোর জন্য প্রস্তুত করা হয়।
এই প্রক্রিয়ায় স্থানীয়ভাবে সহজলভ্য ও পরিত্যক্ত উপকরণ ব্যবহার করায় একদিকে যেমন কৃষিজ বর্জ্যের কার্যকর ব্যবহার হচ্ছে, অন্যদিকে নতুন একটি উৎপাদনমুখী কর্মক্ষেত্রও তৈরি হচ্ছে।
কেজিপ্রতি ৫০০ থেকে ৮০০ টাকা
উদ্যোক্তার দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে কারখানায় উৎপাদিত কলাগাছের সুতা প্রতি কেজি ৫০০ থেকে ৬০০ টাকা এবং কচুরিপানার সুতা ৭০০ থেকে ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে। কলাগাছের সুতা চীনে এবং কচুরিপানা থেকে তৈরি সুতা ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে। শুধু সুতা উৎপাদনই নয়, এর অবশিষ্ট অংশও কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে উদ্যোক্তার। সুতা তৈরির পর যে বর্জ্য বা অব্যবহৃত আঁশ থেকে যায়, তা প্রতি কেজি প্রায় ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। এসব অবশিষ্ট উপাদান নার্সারিতে কোকোডাস্টের বিকল্প বা অনুরূপ উপকরণ তৈরির পাশাপাশি গোখাদ্য হিসেবে ব্যবহারের সম্ভাবনা রয়েছে।
নতুন স্বপ্ন দেখছেন এলাকার যুবকরা
শংকরের সফলতা দেখে এলাকার বেকার যুবকদের মধ্যেও নতুন কিছু করার আগ্রহ তৈরি হয়েছে। প্রতিদিন দূর-দূরান্ত থেকে মানুষ তার কারখানা দেখতে আসছেন। কেউ উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে জানছেন, আবার কেউ নিজেরাও এমন উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করছেন।
স্থানীয়দের মতে, সুবর্ণচরের মতো উপকূলীয় এলাকায় কলাগাছ ও কচুরিপানার সহজলভ্যতা রয়েছে। যথাযথ প্রশিক্ষণ, প্রযুক্তি, পুঁজি ও বাজারজাতকরণের সুযোগ নিশ্চিত করা গেলে এ ধরনের শিল্পের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব। তবে সম্ভাবনাময় এই উদ্যোগকে আরও বড় পরিসরে ছড়িয়ে দিতে সরকারি পৃষ্ঠপোষকতা ও আর্থিক সহযোগিতা প্রয়োজন।
সহযোগিতার আশ্বাস যুব উন্নয়ন অধিদপ্তরের
এ বিষয়ে যুব উন্নয়ন কর্মকর্তা খুরশীদ আলম বলেন, শংকর নামে একজন উদ্যোক্তা ইতোমধ্যে কলাগাছ ও কচুরিপানা থেকে সুতা তৈরির একটি প্রকল্প হাতে নিয়েছেন। তিনি বাণিজ্যিকভাবে নোয়াখালী, বগুড়া ও দিনাজপুরসহ বিভিন্ন জায়গায় এসব পণ্য বাজারজাত করছেন। যুব উন্নয়ন অধিদপ্তর এ ধরনের উদ্যমী যুবকদের পাশে সবসময় আছে এবং থাকবে।
তিনি আরও বলেন, আমি আশা করব, শংকর মজুমদার যেন আমাদের সঙ্গে যোগাযোগ করেন। বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান, বিশেষ করে গ্রামীণ ব্যাংক ও কর্মসংস্থান ব্যাংক থেকে কিভাবে তাকে আর্থিক সহযোগিতা দেওয়া যায়, সেই বিষয়ে আমরা ইতোমধ্যে আলোচনা করেছি।
সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান বলেন, চর আমানুল্লাহ ইউনিয়নের একজন তরুণ উদ্যোক্তা আমাদের পরিবেশে সহজলভ্য কচুরিপানা ও কলাগাছ থেকে সুতা তৈরির প্রযুক্তিগত উদ্যোগ গ্রহণ করেছেন। এটি অত্যন্ত আশাব্যঞ্জক একটি খবর।
তিনি আরও বলেন, এ ধরনের তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করা প্রয়োজন। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও সরকারি ব্যাংক, যারা বিনিয়োগ বা ঋণ দিতে আগ্রহী, তাদের সঙ্গে যোগাযোগ স্থাপনে আমরা প্রয়োজনীয় ভূমিকা রাখব।
