গ্রেফতার ইউপি সদস্যকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল স্বজনরা
Advertisement
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১০:৩২ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় হত্যাসহ ৯টি মামলার এজাহার ও পরোয়ানাভুক্ত আসামি, স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য নিজাম উদ্দিনকে গ্রেফতারের পর পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে তার স্বজন ও সমর্থকরা।
শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সুখচর ইউনিয়নের রামচরণ বাজারে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পলাতক আসামিকে পুনরায় গ্রেফতারে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেফতার নিজাম উদ্দিন সুখচর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চর আমানউল্লাহ গ্রামের মৃত সাঈদুল হকের ছেলে। তিনি ওই ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য এবং স্থানীয় আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, মারামারিসহ বিভিন্ন অভিযোগে হাতিয়া থানায় অন্তত ৯টি মামলা রয়েছে। এর মধ্যে একটি হত্যা মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।
ঘটনার বিবরণে পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যার পর গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়া থানার একদল পুলিশ রামচরণ বাজারে অভিযান চালায়। এ সময় হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নিজাম উদ্দিনকে শনাক্ত করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে তার স্বজন ও অনুসারীরা সংঘবদ্ধ হয়ে ঘটনাস্থলে এসে পুলিশকে চারদিক থেকে ঘিরে ফেলে। একপর্যায়ে তারা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও হট্টগোল শুরু করে ব্যারিকেড তৈরি করে। সেই সুযোগে কৌশলে পালিয়ে যান নিজাম উদ্দিন।
অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও আকস্মিক এই বিশৃঙ্খলার কারণে আসামিকে ধরে রাখা সম্ভব হয়নি।
হাতিয়া থানার ওসি কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিজাম উদ্দিন একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। তাকে গ্রেফতারের পর তার স্বজন ও স্থানীয় কিছু দুর্বৃত্ত উদ্দেশ্যপ্রণোদিতভাবে পুলিশকে ঘিরে ধরে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করে। এই সুযোগ কাজে লাগিয়ে আসামি পালিয়ে যায়।
ওসি বলেন, পুলিশের ওপর চড়াও হয়ে সরকারি কাজে বাধা প্রদান এবং আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িতদের শনাক্ত করা হচ্ছে। পলাতক ইউপি সদস্যকে পুনরায় গ্রেফতারের পাশাপাশি পুলিশের কাজে সরাসরি বাধা দানকারী ও সহযোগীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

-6ae4a7e2efc6e.jpg)