Logo
Logo
×

Advertisement

সারাদেশ

হানিট্র্যাপে ব্যবসায়ীর শতকোটি টাকার সম্পদ আত্মসাতের পর হত্যা

Icon

আবুল খায়ের, কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১০:৪৫ পিএম

হানিট্র্যাপে ব্যবসায়ীর শতকোটি টাকার সম্পদ আত্মসাতের পর হত্যা

আব্দুল মমিন

Advertisement

কুমিল্লার লাকসামে হানিট্র্যাপে ফেলে ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল মমিনের শতকোটি টাকার সম্পদ আত্মসাতের পর তাকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ উঠেছে।

পরিবারের দাবি, একটি সংঘবদ্ধ চক্র প্রতারণার ফাঁদে ফেলে তার কাছ থেকে নগদ প্রায় দেড় কোটি টাকা এবং ১০ একরের (এক হাজার শতক) বেশি জমি হাতিয়ে নিয়েছে। পরে জালিয়াতি ও সম্পদ আত্মসাতের ঘটনা প্রকাশ্যে আসার আশঙ্কায় সড়ক দুর্ঘটনার নাটক সাজিয়ে তাকে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় মৃত ব্যবসায়ীর ছেলে ফখরুল ইসলাম বাদী হয়ে দুই নারীসহ ১৫ জনকে আসামি করে গত ৫ নভেম্বর কুমিল্লার আদালতে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে ঘটনার সত্যতা তদন্তের জন্য লাকসাম থানা-পুলিশকে নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৬ আগস্ট রাত ৯টার দিকে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের লাকসাম উপজেলার বিজরা বাজারের উত্তর পাশে এমআরএফ ফিলিং স্টেশনের সামনে সড়ক দুর্ঘটনার শিকার হন ব্যবসায়ী আব্দুল মমিন। নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে চাঁদপুরমুখী লেনে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কুমিল্লা নগরীর মডার্ন হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে ওই রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৭ আগস্ট রাতে তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে ঘটনাটিকে স্বাভাবিক সড়ক দুর্ঘটনা মনে করে পরিবারের পক্ষ থেকে ২০ আগস্ট লাকসাম থানায় সড়ক পরিবহণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছিল।

নিহতের পরিবারের দাবি, মৃত্যুর প্রায় এক মাস পর ঘটনার রহস্য বেরিয়ে আসতে শুরু করে।

মামলার বাদী ফখরুল ইসলাম জানান, তার বাবা একটি সুসংগঠিত হানিট্র্যাপ চক্রের জাঁতাকলে পড়েছিলেন। চক্রের সদস্যরা তার বাবার সরলতা ও বিশ্বস্ততার সুযোগ নিয়ে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল শুরু করে। এসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দফায় দফায় প্রায় দেড় কোটি টাকা হাতিয়ে নেয়। শুধু নগদ টাকাই নয়, আব্দুল মমিনের স্বাক্ষর করা অলিখিত চেক ও নন-জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করে ভুয়া দলিল ও পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে এক হাজার শতকেরও বেশি জমি চক্রের সদস্যদের নামে পাওয়ার রেজিস্ট্রি করে নেওয়া হয়, যার বর্তমান বাজারমূল্য শতকোটি টাকা।

উল্লেখ্য, ওই ব্যবসায়ীকে ফাঁদে ফেলে প্রতারণার ঘটনায় এর আগে ২০২৪ সালের ৪ মে কুমিল্লা কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলায় পুলিশ ইতোমধ্যে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে, যা বর্তমানে বিচারাধীন।

মামলার বিবরণ মতে, হানিট্র্যাপ চক্রের অন্যতম মূল হোতা ছিলেন বরুড়ার গালিমপুর এলাকার দলিল লেখক রবিউল, যিনি নিহত আব্দুল মমিনের অত্যন্ত বিশ্বস্ত ছিলেন। সম্প্রতি রবিউলের মৃত্যুর পর হাতিয়ে নেওয়া অর্থ ও সম্পত্তির ভাগাভাগি নিয়ে চক্রের সদস্যদের মধ্যে তীব্র বিরোধের সৃষ্টি হয়। রবিউলের স্ত্রী ফাতেমা পারভীন জান্নাতকে কেন্দ্র করেও নানা চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। রবিউল ও তার স্ত্রীর কথিত বিবাহবিচ্ছেদ এবং রবিউলের মৃত্যুর পর সম্পদের হিস্যা নিয়ে কোন্দল দেখা দিলে ধীরে ধীরে মূল প্রতারণা ও জালিয়াতির ঘটনা ফাঁস হতে থাকে।

মৃতের ছেলে ফখরুল ইসলাম জানান, স্থানীয় প্রত্যক্ষদর্শী ও বিভিন্ন সূত্রের মাধ্যমে পুরো সত্য জানার পর তারা আদালতের শরণাপন্ন হয়েছেন। ইতোমধ্যে হত্যা মামলায় জড়িয়ে পড়ার ভয়ে চক্রের কয়েকজন সদস্য জালিয়াতির কথা স্বীকার করেছেন এবং তাদের নামে লিখে নেওয়া কিছু জমি আব্দুল মমিনের সন্তানদের নামে ফেরতও দিয়েছেন। নিহতের স্বজন ও এলাকার সচেতন মহলের দাবি, ঘটনাটি নিছক কোনো সড়ক দুর্ঘটনা নয়। হানিট্র্যাপ, ব্ল্যাকমেইল, জমি দখল ও পরিকল্পিত হত্যাকাণ্ডের পেছনের মূল কুশীলবদের খুঁজে বের করতে লাকসাম থানা-পুলিশের নিরপেক্ষ ও কঠোর তদন্ত জরুরি।

তিনি বলেন, ‘আমার বাবার বিশ্বস্ত দলিল লেখক রবিউল ছিলেন হানিট্র্যাপ চক্রের মূল হোতা। তার নেতৃত্বে বাবার শতকোটি টাকার সম্পদের পাওয়ার রেজিস্ট্রি করে নেওয়া হয়। বাবার মৃত্যুর পর রবিউল হার্ট অ্যাটাকে মারা গেলে জানতে পারি আমাদের সব সম্পত্তির পাওয়ার অন্যদের নামে। তাদের সঙ্গে সাব-রেজিস্ট্রারসহ ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী চক্র জড়িত রয়েছে।’

তিনি আরও বলেন, ‘আগের মামলায় আমার বাবা মূল সাক্ষী হওয়ায় অবৈধভাবে হাতিয়ে নেওয়া শতকোটি টাকার সম্পদ হাতছাড়া হওয়ার ভয়ে চক্রটি বাবাকে সরিয়ে দেওয়ার চূড়ান্ত নীলনকশা করে। সেই পরিকল্পনা অনুযায়ী তাদের নিয়ন্ত্রিত অটোরিকশা দিয়ে পেছন থেকে চাপা দিয়ে তাকে হত্যা করা হয় এবং পুরো বিষয়টি সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা চলে।’

মামলার আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফা বলেন, হানিট্র্যাপে ফেলে ব্যবসায়ী আব্দুল মমিনের কাছ থেকে নগদ দেড় কোটি টাকা এবং শতকোটি টাকার সম্পদ লিখে নিয়েছে প্রতারক চক্র। পরে ঘটনা ধামাচাপা দিতে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। আদালত নিহতের ছেলের দায়ের করা মামলাটি আমলে নিয়ে যথাযথ তদন্ত করে ঘটনার রহস্য উদঘাটনের নির্দেশ দিয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা লাকসাম থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান বলেন, ব্যবসায়ী আব্দুল মমিন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তাছাড়া আদালতের নির্দেশ মোতাবেক মামলার সার্বিক বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষ, বিএনপি নেতা বহিষ্কার

এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষ, বিএনপি নেতা বহিষ্কার

ঝটিকা মিছিলের প্রস্তুতি, গাড়িসহ নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ জন আটক

ঝটিকা মিছিলের প্রস্তুতি, গাড়িসহ নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ জন আটক

অসংলগ্ন অডিও ফাঁস, লাকসামে ইউনিয়ন বিএনপির সভাপতিকে শোকজ

অসংলগ্ন অডিও ফাঁস, লাকসামে ইউনিয়ন বিএনপির সভাপতিকে শোকজ

সংবর্ধনায় দুই চেয়ারম্যান প্রার্থীর সংঘর্ষ, স্কুলের ভেতর আশ্রয় নিলেন এমপি

সংবর্ধনায় দুই চেয়ারম্যান প্রার্থীর সংঘর্ষ, স্কুলের ভেতর আশ্রয় নিলেন এমপি

দাউদকান্দিতে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১৬ কর্মী গ্রেফতার

দাউদকান্দিতে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১৬ কর্মী গ্রেফতার

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৯৮ নেতাকর্মী গ্রেফতার

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৯৮ নেতাকর্মী গ্রেফতার

আরও পড়ুন

‘সাগর হুজুরকে’ মৃত্যুদণ্ড, ‘শিশুমাতার’ পরিবারের সন্তোষ প্রকাশ

‘সাগর হুজুরকে’ মৃত্যুদণ্ড, ‘শিশুমাতার’ পরিবারের সন্তোষ প্রকাশ

ফুটবল খেলাকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষ, অটোরিকশাচালক নিহত

ফুটবল খেলাকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষ, অটোরিকশাচালক নিহত

জামায়াত কখনো আধিপত্যবাদ মেনে নেবে না: হামিদুর রহমান

জামায়াত কখনো আধিপত্যবাদ মেনে নেবে না: হামিদুর রহমান

ককটেল বিস্ফোরণ-বাসে আগুন মানিকগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৫১ নেতাকর্মীর নামে মামলা

মানিকগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৫১ নেতাকর্মীর নামে মামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম