সংবর্ধনায় দুই চেয়ারম্যান প্রার্থীর সংঘর্ষ, স্কুলের ভেতর আশ্রয় নিলেন এমপি
কুমিল্লা (উত্তর) প্রতিনিধি
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ পিএম
এমপির সংবর্ধনা অনুষ্ঠানে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূইয়াকে সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠানে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ সময় এমপি সেলিম ভূইয়া মঞ্চ ছেড়ে স্কুলের ভেতরে গিয়ে আশ্রয় নেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকালে উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের গোপালপুর গ্রামে সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে এ ঘটনাটি ঘটে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে পার্শ্ববর্তী দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে।
জানা গেছে, তিতাস উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ও আসন্ন স্থানীয় নির্বাচনে জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদে বিএনপির চেয়ারম্যান প্রার্থী মো. জামাল প্রধান আজ (১২ নভেম্বর) কুমিল্লা-২ আসনের এমপি মো. সেলিম ভূইয়াকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করেন। এদিন এমপি ও দলীয় নেতাকর্মীরা জামাল প্রধানের বাড়িতে ভূরিভোজন শেষে অনুষ্ঠানস্থলে যান।
পরে উপজেলা বিএনপির সহ-সভাপতি ও জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী এমদাদ হোসেন আখন্দ তার লোকজন নিয়ে অনুষ্ঠানে গেলে বাধা দেয় জামাল প্রধান। এতে এমদাদ হোসেন আখন্দের সমর্থক ও জামাল প্রধানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয় পক্ষের লোকজন কাঠের রোল ও চেয়ার নিয়ে এলোপাতাড়ি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এ ছাড়া একটি ভিডিওতে দেখা যায়, জামাল প্রধানের পক্ষে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) আবু জাহের অস্ত্র নিয়ে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া করছে।
এদিকে মারামারির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ায় ঘটনাটি তিতাস উপজেলাসহ আশপাশের উপজেলায় ‘টক অব দ্য টাউনে’ পরিণত হয়েছে।
এমদাদ হোসেন আখন্দ ও জামাল প্রধানের সঙ্গে যোগাযোগ করতে না পারায় এ বিষয়ে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
তিতাস থানার ওসি মমিরুল হক বলেন, আমি কুমিল্লায় আছি। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।

