শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ২ দিনের রিমান্ডে
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পিএম
শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
চাঁদাবাজির মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) চকবাজার থানার একটি মামলায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেনের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ মোরশেদ। আসামি মোবারক হোসেন ইমন ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার মৃত মো. মুসার ছেলে।
আদালত সূত্র জানায়, বৃহস্পতিবার কঠোর নিরাপত্তার মাধ্যমে সন্ত্রাসী ডেভিড ইমনকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। পাশাপাশি আরেকটি পৃথক চাঁদাবাজির মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করেন। দুপুরে আদালতে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এ ছাড়া আদালত শুনানি শেষে চাঁদাবাজির মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর কঠোর নিরাপত্তা দিয়ে কারাগারে ফেরত পাঠানো হয়।
গত বছরের ৫ নভেম্বর নগরীর বায়েজিদ বোস্তামী থানার হাজীপাড়া এলাকায় চট্টগ্রাম-৮ আসনের বিএনপির প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য এরশাদ উল্লাহর নির্বাচনি জনসংযোগে গুলিবর্ষণের ঘটনা ঘটে। সরোয়ার হোসেন বাবলাকে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে খুন করা হয়। এই ঘটনায় করা মামলায় ডেভিড ইমন অন্যতম এজাহারভুক্ত আসামি।
উল্লেখ্য, গত ২৯ জুলাই যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে তিন সহযোগীসহ ডেভিড ইমনকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ অন্তত ১৫টি মামলা রয়েছে।

