Logo
Logo
×

Advertisement

সারাদেশ

এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষ, বিএনপি নেতা বহিষ্কার

Icon

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১০:৩৩ পিএম

এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষ, বিএনপি নেতা বহিষ্কার

এমদাদ হোসেন আখন্দ

Advertisement

কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য (এমপি) ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠানে হামলা ও সংঘর্ষের অভিযোগে তিতাস উপজেলা বিএনপির সহ-সভাপতি এমদাদ হোসেন আখন্দকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

ঘটনার তিন ঘণ্টা পর বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বিকালে উপজেলার গোপালপুর ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন তিতাস উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জিয়ারকান্দি ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান প্রার্থী মো. জামাল প্রধান।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সংসদ সদস্য সেলিম ভূঁইয়া ও দলীয় নেতাকর্মীরা জামাল প্রধানের বাড়িতে মধ্যাহ্নভোজ শেষে সভাস্থলে যান। বিকাল ৪টার দিকে উপজেলা বিএনপির সহ-সভাপতি ও জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমদাদ হোসেন আখন্দ তার লোকজন নিয়ে অনুষ্ঠানে গেলে জামাল প্রধানের সমর্থকরা বাধা দেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও একপর্যায়ে চেয়ার ছোড়াছুড়ি এবং লাঠিসোটা নিয়ে সংঘর্ষ বেধে যায়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সংসদ সদস্য সেলিম ভূঁইয়া মঞ্চ ছেড়ে বিদ্যালয়ের ভেতরে নিরাপদ আশ্রয়ে চলে যান। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

আহতদের মধ্যে জামাল প্রধানসহ ৬ জনের নাম জানা গেছে। তারা হলেন— সাফিন প্রধান (১৬), সিয়াম (১৭), জামিল (৪৩), জামাল প্রধান (৪৫), রাফিন প্রধান (১৯) ও মতিন মিয়া (৬৫)। তারা সবাই তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

এদিকে সংঘর্ষের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে জামাল প্রধানের পক্ষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী আবু জাহেরকে অস্ত্র নিয়ে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া করতে দেখা গেছে বলে স্থানীয়রা জানান। ঘটনাটি তিতাসসহ আশপাশের উপজেলায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

অন্যদিকে রাতে ফেসবুকে প্রকাশিত বহিষ্কারাদেশের চিঠিতে উল্লেখ করা হয়, জনসভায় বিশৃঙ্খলা সৃষ্টি এবং সংসদ সদস্য, উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীদের সামনে লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে সংগঠনবিরোধী কার্যক্রম করেছেন এমদাদ হোসেন আখন্দ। এ কারণে তাকে উপজেলা বিএনপির সহ-সভাপতি ও জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপির সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি ফ্যাসিস্ট সরকারের দোসর ছিলেন বলেই এমন ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছেন বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

এ বিষয়ে জানতে এমদাদ হোসেন আখন্দকে মোবাইল ফোনে কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি। তবে তার ছোট ভাই তিতাস উপজেলা শ্রমিক দলের (অন্য অংশে স্বেচ্ছাসেবক দল উল্লেখ) সভাপতি সাইমুম আখন্দ বলেন, মঞ্চে এমপি সাহেব আসার পর আমরা যখন জনসভায় অংশ নিতে প্রবেশ করি, তখনই জামাল প্রধানের লোকজন আমাদের বাধা দেয় এবং মারধর শুরু করলে উভয়ের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসর আবু জাহের অস্ত্র নিয়ে আমাদের বাড়িঘরে ও বাজারে দোকানপাটে হামলা ও ভাঙচুর চালায়। এ হামলা ও আমার ভাইকে বহিষ্কারের মাধ্যমেই প্রমাণ হয় পুরো ঘটনাটি পূর্বপরিকল্পিত।

পাল্টা অভিযোগ করে উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. জামাল প্রধান বলেন, আসন্ন স্থানীয় নির্বাচনে জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আমি ও এমদাদ চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করছি। কিছুদিন আগে এমদাদ চেয়ারম্যান এমপি সাহেবকে নিয়ে একটি অনুষ্ঠান করেছিলেন, কিন্তু সেখানে তেমন লোক হয়নি। বৃহস্পতিবার আমি জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপির সঙ্গে আলোচনা করে এমপি সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করি। অনুষ্ঠানে কয়েক হাজার লোকের উপস্থিতি দেখে ঈর্ষান্বিত হয়ে এমদাদ ও তার ভাই সাইমুম এমপি এবং নেতাদের সামনে আমাদের অনুষ্ঠান ভণ্ডুল করার উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে হামলা চালান। এতে আমিসহ আমাদের ৭ জন আহত হয়েছি।

কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম বলেন, বৃহস্পতিবার তিতাস উপজেলার গোপালপুর গ্রামে একটি জনসভায় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) ও কুমিল্লা-২ আসনের এমপি সেলিম ভূঁইয়ার উপস্থিতিতে এবং তিতাস উপজেলা বিএনপির নেতাকর্মীদের সামনে এমদাদ চেয়ারম্যান যে ঘটনা ঘটিয়েছেন, তা খুবই দুঃখজনক। তাই দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে তাৎক্ষণিক সাংগঠনিক সিদ্ধান্তে এমদাদ চেয়ারম্যানকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঝটিকা মিছিলের প্রস্তুতি, গাড়িসহ নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ জন আটক

ঝটিকা মিছিলের প্রস্তুতি, গাড়িসহ নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ জন আটক

অসংলগ্ন অডিও ফাঁস, লাকসামে ইউনিয়ন বিএনপির সভাপতিকে শোকজ

অসংলগ্ন অডিও ফাঁস, লাকসামে ইউনিয়ন বিএনপির সভাপতিকে শোকজ

ঢাকায় বিক্ষোভ মিছিল রিজভীর

ঢাকায় বিক্ষোভ মিছিল রিজভীর

সংবর্ধনায় দুই চেয়ারম্যান প্রার্থীর সংঘর্ষ, স্কুলের ভেতর আশ্রয় নিলেন এমপি

সংবর্ধনায় দুই চেয়ারম্যান প্রার্থীর সংঘর্ষ, স্কুলের ভেতর আশ্রয় নিলেন এমপি

দাউদকান্দিতে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১৬ কর্মী গ্রেফতার

দাউদকান্দিতে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১৬ কর্মী গ্রেফতার

বিএনপি ও ছাত্রদল নেতার বিরুদ্ধে শ্রমিক দল নেতার মামলা

বিএনপি ও ছাত্রদল নেতার বিরুদ্ধে শ্রমিক দল নেতার মামলা

আরও পড়ুন

নির্বাচনি পরীক্ষা শেষে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল তিন বন্ধুর

নির্বাচনি পরীক্ষা শেষে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল তিন বন্ধুর

খেলতে গিয়ে স্কুলের সিঁড়ির রেলিং থেকে পড়ে ছাত্রের মৃত্যু

খেলতে গিয়ে স্কুলের সিঁড়ির রেলিং থেকে পড়ে ছাত্রের মৃত্যু

‘যুদ্ধবিমানের’ লেজ চুরি

‘যুদ্ধবিমানের’ লেজ চুরি

এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষ, বিএনপি নেতা বহিষ্কার

এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষ, বিএনপি নেতা বহিষ্কার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম