খেলতে গিয়ে স্কুলের সিঁড়ির রেলিং থেকে পড়ে ছাত্রের মৃত্যু
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর বংশীবদন উচ্চ বিদ্যালয়ের তিনতলার সিঁড়ির রেলিং থেকে পড়ে পাপ্পু মিয়া (১৫) নামের নবম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে টিফিনের সময় সিঁড়ির রেলিংয়ে স্লিপ খেলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
মৃত পাপ্পু মিয়া কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের বাকচাপাইর এলাকার সাজু মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে টিফিনের সময় পাপ্পু ও তার বন্ধুরা বিদ্যালয়ের তিনতলার সিঁড়ির রেলিং বেয়ে নিচে নামার (স্লিপ) খেলা খেলছিল। একপর্যায়ে ভারসাম্য হারিয়ে সে রেলিং থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় কেপিজে বিশেষায়িত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আকবর খান বলেন, বিদ্যালয়ে দুর্ঘটনায় এক শিক্ষার্থী গুরুতর আহত হলে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কেপিজে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হবে। অন্যথায় ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।
