পুলিশকে ঘিরে রাখেন নারীরা, পালালেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা
টঙ্গী পূর্ব (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১০:০৭ পিএম
টঙ্গী পশ্চিম থানা
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুরের টঙ্গীতে সৈয়দ আরিফ (৩৩) নামের নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটকে করে পুলিশ। এ সময় কিছু নারী ও এলাকাবাসী পুলিশ সদস্যদের ঘেরাও করেন। সেই সুযোগে পালিয়ে গেছেন সৈয়দ আরিফ।
বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে টঙ্গীর ভাদাম এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার রাতে ভাদাম এলাকায় অভিযান চালিয়ে টঙ্গী পশ্চিম থানার একদল পুলিশ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সৈয়দ আরিফকে আটক করে। পরে তাকে পুলিশের ভ্যানের দিকে নিয়ে যাওয়ার সময় স্থানীয় এলাকাবাসী ও নারীরা পুলিশ সদস্যদের ঘিরে ফেলেন এবং মানবপ্রাচীর তৈরি করেন। এ সুযোগে আরিফ কৌশলে সটকে পড়েন। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এদিকে বুধবার দিবাগত রাত ও বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিনে টঙ্গীর তিলারগাতী ও সাতাইশ এলাকায় পৃথক অভিযান চালিয়ে স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন— গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) ৫২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আতিউল্লাহ ফয়সাল (৩০) এবং ৫১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সহ-সম্পাদক আব্দুর রশিদ মিয়া ওরফে রশিদ মণ্ডল (৫৮)। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের শেষে বৃহস্পতিবার দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, নারীরা ঘেরাও করার পর আরিফ নামের ওই নিষিদ্ধ ছাত্রলীগ নেতা কৌশলে পালিয়ে যান। পরে পুরো টিম নিয়ে এলাকায় অভিযান চালিয়েও তাকে পাওয়া যায়নি। তবে তিনি পুলিশের গাড়ি থেকে পালাননি। অন্যদিকে গ্রেফতার স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের দুই নেতাকে মামলা দায়ের শেষে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
