কোনাবাড়ীর দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
কাশিমপুর-কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পিএম
কোনাবাড়ীর দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে শ্রমিক অসন্তোষ, কর্মবিরতি ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করে দুটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কারখানা দুটি হলো— এমএম নিটওয়্যার লিমিটেড ও মামুন নিটওয়্যার লিমিটেড।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে কারখানা দুটির প্রধান ফটকে নোটিশ টাঙিয়ে বন্ধের সিদ্ধান্ত জানানো হয়।
এমএম নিটওয়্যার লিমিটেডের সহকারী ব্যবস্থাপনা পরিচালকের স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, মজুরি বৃদ্ধির দাবিতে গত ১০ নভেম্বর দুপুরের খাবারের বিরতির পর শ্রমিকরা কর্মবিরতি শুরু করেন। কর্তৃপক্ষের বারবার অনুরোধ সত্ত্বেও তারা কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরে অবস্থান করেন। একপর্যায়ে বিভিন্ন ফ্লোরের শ্রমিকদের কাজে যোগ দিতে বাধা দেওয়া হয় এবং কারখানার ভেতরে ভাঙচুরের ঘটনা ঘটে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
নোটিশ অনুযায়ী, পরদিন ১১ নভেম্বর সকালেও শ্রমিকরা কর্মবিরতি শুরু করেন। এতে কারখানার ভেতরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় বলে দাবি করেছে কর্তৃপক্ষ। শ্রমিকদের আচরণকে উসকানিমূলক উল্লেখ করে নোটিশে এ কর্মবিরতিকে শ্রম আইনের পরিপন্থি ও অবৈধ ধর্মঘট বলে অভিহিত করা হয়েছে।
এ পরিস্থিতিতে কারখানার সম্পদ ও কর্মীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বাংলাদেশ শ্রম আইন-২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী বৃহস্পতিবার থেকে দুটি কারখানার উৎপাদন ও দাপ্তরিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বলে নোটিশে জানানো হয়।
নোটিশে আরও বলা হয়েছে- আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক পরিবেশ অনুকূলে এলে কারখানা খোলার তারিখ পরবর্তী নোটিশের মাধ্যমে জানানো হবে।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শ্রমিক অসন্তোষের কারণে কারখানা দুটির কর্তৃপক্ষ বন্ধের ঘোষণা দিয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
