সাভারে ফের শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, ৫১ কারখানায় ছুটি
যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধ এবং অন্যায়ভাবে ছাঁটাই বাতিলের ৩ দফা দাবিতে শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় পুলিশের সঙ্গে তৈরি পোশাক শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার বিকাল পর্যন্ত সাভার ও আশুলিয়ায় ৫১টি গার্মেন্টস কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
আশুলিয়ার নরসিংহপুরে হামিম গ্রুপের সব কারখানার সামনে সাইনবোর্ড ঝুলিয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। সকালে কারখানায় যোগদানের পর বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের বেরন ও ছয়তলা এলাকার পাঁচটি পোশাক কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে বিক্ষোভ শুরু করেন।
একপর্যায়ে তারা মহাসড়ক অবরোধ করলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের সরিয়ে দেয়। পরবর্তীতে শ্রমিকরা আশপাশের গলিতে ছড়িয়ে পড়লে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।
আন্দোলনের একপর্যায়ে শ্রমিকরা পুলিশের একটি আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ারে (এপিসি) হামলা চালালে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও লাঠিচার্জ করে। এ সময় শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। সকাল থেকে এমন উত্তপ্ত পরিস্থিতির কারণে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বেশ কয়েকটি কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে।
আন্দোলনরত শ্রমিকদের দাবি, সরকার গঠিত মজুরি বোর্ডকে এখনই তাদের ৩ দফা দাবি মেনে নিয়ে নতুন মজুরি ঘোষণা করতে হবে।
তবে কারখানা মালিকদের দাবি, মজুরি বোর্ডের কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে এবং আগামী ডিসেম্বর থেকেই শ্রমিকরা নতুন মজুরি পাবেন। তা সত্ত্বেও শ্রমিকদের চলমান অসন্তোষের মুখে তারা শ্রম আইনের ১৩(১) ধারার অধীনে কারখানা বন্ধ ঘোষণা করা ছাড়া অন্য কোনো উপায় দেখছেন না। এই আইন অনুযায়ী ধর্মঘটে অংশগ্রহণকারী শ্রমিকরা কোনো মজুরি পাবেন না।
আশুলিয়ার নরসিংহপুর এলাকার অন্যতম বৃহৎ কারখানা শারমিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেন বলেন, প্রতিদিন শ্রমিকরা কারখানায় ঢুকে কাজ বন্ধ রেখে বেরিয়ে যাওয়ায় দৈনিক দেড় থেকে দুই কোটি টাকার ক্ষতি হচ্ছে। এর ফলে কার্যাদেশ কমে যাওয়ার পাশাপাশি বিদেশি ক্রেতাদের আস্থা নষ্ট হচ্ছে, যা অব্যাহত থাকলে ভবিষ্যতে কারখানা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে।
এর আগে সকালে আশুলিয়া শিল্পাঞ্চলে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হওয়ায় সাভারে প্রায় ২১টি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। তবে প্রধান সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ। সকাল ১০টার পর আশুলিয়ার আব্দুল্লাহপুর-বাইপাইল সড়ক এবং বেলা ১১টার দিকে সাভারের হেমায়েতপুর এলাকায় শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
পুলিশ সূত্রে জানা যায়, ছুটি ঘোষণা করা কারখানাগুলোর মধ্যে রয়েছে- শারমিন গ্রুপ, নেক্সট কালেকশন, স্টারলিং, ওয়াইপি আশুলিয়া লিমিটেড, রেজা গার্মেন্টস, হলিউড, ছাদ ফ্যাশন, ডেবোনিয়ার, দি রোজ অ্যাপারেলস লিমিটেড, ট্রাউজার, প্রাণ-আরএফএলের সাবিহা, নিট এশিয়া, ইয়াগী বাংলাদেশ ও ফ্যাশন ইট। এছাড়া সাভারের হেমায়েতপুর এলাকার কয়েকটি কারখানায়ও ছুটি ঘোষণা করা হয়েছে।
কারখানায় ছুটি ঘোষণার পর বিক্ষুব্ধ শ্রমিকরা বিকালে ফটক ছেড়ে সাভারের পদ্মার মোড়ে সড়কে নেমে অন্য কারখানাও বন্ধের চেষ্টা করেন। হেমায়েতপুরে একেএইচ গ্রুপ ও ববস গার্মেন্টসসহ কয়েকটি কারখানার শ্রমিকরা যমুনা গার্মেন্টসের (শামস স্টাইলিং গ্রুপ) সামনে জড়ো হয়ে বিক্ষোভের চেষ্টা চালান। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ধাওয়া দিয়ে ও সাউন্ড গ্রেনেড ছুড়ে সড়ক থেকে সরিয়ে দেয়। এতে সড়কে যানবাহন কমে গিয়ে এলাকাজুড়ে উত্তেজনা সৃষ্টি হয়।
অন্যদিকে দুপুরে শ্রমিকরা আশুলিয়ার আব্দুল্লাহপুর-বাইপাইল সড়ক অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর অবস্থান নেন। পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় হেমায়েতপুর এলাকায় পুলিশ ও শ্রমিকদের মধ্যে বেশ কিছুক্ষণ ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বিকাল ৫টায় আরও জানান, সামগ্রিক পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। জামগড়া ও হেমায়েতপুর এলাকা ছাড়া অন্য সব জায়গার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক আছে। সাভারের হেমায়েতপুরে শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করেছিলেন। তবে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও বলেন, বর্তমানে প্রধান সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক ও সার্বিক পরিস্থিতি পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থান ও কারখানার সামনে অতিরিক্ত পুলিশ ও যৌথবাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন।
তিনি বলেন, সাভার ও আশুলিয়ায় আজও ৫১টি কারখানা বন্ধ রাখা হয়েছে।
তিনি আরও বলেন, ‘মোতায়েনকৃত বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন।’
এদিকে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইম্প্রোভাইজড ডিভাইসের মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি মাঠপর্যায়ের কার্যক্রম নিবিড়ভাবে মনিটরিংয়ের মাধ্যমে সংশ্লিষ্ট ইউনিটগুলোর মধ্যে প্রয়োজনীয় সমন্বয় অব্যাহত রয়েছে।
