মহাসড়কে ডাকাতি ঠেকাতে যে উদ্যোগ নিলেন এমপি
যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ (ঢাকা)
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৯:৫২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সম্প্রতি ঢাকা-বান্দুরা আঞ্চলিক মহাসড়কে ডাকাতি হওয়ায় তা ঠেকাতে রাস্তার দুই পাশের আগাছা পরিষ্কার করেছেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। এ সময় তিনি রাস্তার দুপাশে নিরাপত্তা বৃদ্ধি ও অপরাধ দমনে লাইট ও সিসি ক্যামেরা স্থাপনের ঘোষণা দেন।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার বেনুখালী থেকে টিকরপুর পর্যন্ত সড়কের এই পরিষ্কারকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের এই সংসদ সদস্য।
এ সময় তিনি বলেন, এলাকার পরিবেশ সুন্দর রাখা এবং জনসাধারণের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে দোহার ও নবাবগঞ্জের প্রতিটি সড়ক চলাচলের উপযোগী ও পরিচ্ছন্ন রাখতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
পাশাপাশি সড়কে আলোর ব্যবস্থা রাখার জন্য স্থানীয়দের তাগিদ দেন তিনি।
এ সময় নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু হানিফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
