‘দানের টাকাও চুরি হয়ে গেল!’ চিরকুমার মোসলেমের বুকফাটা কান্না
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পিএম
চিরকুমার মোসলেহ উদ্দিন
|
ফলো করুন |
|
|---|---|
আশি ছুঁইছুঁই, ন্যুব্জ হয়ে চলেন চিরকুমার মোসলেহ উদ্দিন। ৫৫ বছরের পুরোনো টিনের নড়বড়ে ঘরে কেটে গেছে জীবন। শেষ ইচ্ছে ‘শক্ত ঘরে যেন মরণ হয়।’ তার এ মানবিক আবেদনে সাড়াও দেন অনেকেই।
বিকাশ অ্যাকাউন্টে প্রায় লাখ টাকা চলে আসে। তিনি নতুন ঘরের স্বপ্নে আনন্দে ছুটছেন। সেই আনন্দকে নিরানন্দ করে দিল বিকাশ প্রতারক চক্র। অ্যাকাউন্ট থেকে লুটে নিয়েছে ৮৮ হাজার ৭৬০ টাকা।
এ ঘটনায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ২ নম্বর গৌরীপুর ইউনিয়নের বেকারকান্দা গ্রামের মৃত রহিম উদ্দিন সরকারের ছেলে মোসলেহ উদ্দিন বাদী হয়ে গৌরীপুর থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগ প্রাপ্তির বিষয়টি বুধবার (১১ নভেম্বর) নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান। তিনি জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রতারক চক্রটিকে ধরতে সাইবার প্রযুক্তির সহযোগিতায় অপরাধীদের শনাক্ত করা ও হ্যাক করে নেওয়া টাকা উদ্ধারের চেষ্টা চলছে।
পুরোনো টিনের চালে বস্তা আর পলিথিন দেওয়ায় ঝুপড়িতে পরিণত হয়েছে মোসলেহ উদ্দিনের ঘরটি। রোদ-বৃষ্টির আনাগোনাও অতিশয় সহজ। ১৯৬৭ সালে এসএসসি, ১৯৭৪ সালে এইচএসসি ও ১৯৯৩ সালে স্নাতক ডিগ্রি অর্জন করলেও হয়নি চাকরি। অভাবের সংসারে বিয়ের আশাও ছেড়ে দেন তিনি। চিরকুমার মোসলেহ উদ্দিনের শেষ ইচ্ছা ছিল একটি শক্ত ঘরে জীবনের শেষ নিঃশ্বাস যেন শান্তিতে ছাড়তে পারেন।
এ নিয়ে পত্রিকা ও অনলাইনে তার কষ্টের কথা জেনে মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন অনেকেই। তার বিকাশ নম্বরে প্রায় লাখ টাকা জমা হয়। সেই টাকা দিয়ে বর্ষা শেষ হলেই কেনার কথা ছিল নতুন টিন আর ইট। তার আগেই বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করে নিয়ে যায় একটি প্রতারক চক্র।
মোসলেহ উদ্দিন জানান, তার বিকাশ নম্বর ০১৩১২-১৫১৭১৫ মঙ্গলবার চেক করে দেখেন, ব্যালেন্সে টাকা নেই। এরপরে জানতে পারেন প্রতারক চক্র ১৮ অক্টোবর দুপুরে সব টাকা গোপন নম্বর (পাসওয়ার্ড) হ্যাক করে নিয়ে যায়। প্রতারক চক্রটি তার ৮৮ হাজার ৭৬০ টাকা লুট করে।
তিনি আরও জানান, এ ঘটনাটি বিকাশ সেন্টারেও অভিযোগ করা হয়েছে। তবে এখন পর্যন্ত বিকাশ কর্তৃপক্ষ তাকে কোনো সদুত্তর দেয়নি।
কথাগুলো বলতে বলতে ছোট শিশুর মতো হাউমাউ করে কেঁদে ওঠেন মোসলেহ উদ্দিন। চোখের পানি গড়িয়ে ভিজে যায় জামা। তিনি বলেন, ‘আমাকে মানুষ দান করেছিল, এই ভিক্ষার টাকাও চুরি হয়ে গেল!’
