গাজীপুরে দুই কারখানায় বিক্ষোভ, ছয়টি ছুটি
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুর মহানগরের কাশিমপুর ও জরুন এলাকায় দুইটি কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেছেন। এসব ঘটনায় কাশিমপুর, জরুন ও নাওজোর এলাকার ছয়টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে কারখানার ছুটির সংখ্যা আরও বাড়তে পারে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকরা বিক্ষোভ করলে কারখানাগুলো ছুটি দেওয়া হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে কোনাবাড়ীর জরুন এলাকায় রিপন নিটওয়্যার কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। পরে তারা আশপাশের কারখানার শ্রমিকদের বের করে আনার চেষ্টা করেন। এ সময় কয়েকটি কারখানার শ্রমিকরা বেরিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
অপরদিকে শ্রমিক বিক্ষোভের খবরে নাওজোর এলাকায় আইসিসিএল কারখানাসহ আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা বেরিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। এ সময় তারা আরও কয়েকটি কারখানার শ্রমিকদের বের করে নিয়ে আসার চেষ্টা করেন। এসব ঘটনায় ছয়টি কারখানা একদিনের জন্য ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, কাশিমপুর জরুন এলাকায় দুটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেন। পরে তারা আশপাশের কারখানার শ্রমিকদের বের করে নিয়ে আসার চেষ্টা করেন। এসব ঘটনায় কাশিমপুর, জরুন ও নাওজোরসহ কয়েকটি এলাকার ছয়টি কারখানা ছুটি ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ। পরে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে বাসায় ফিরে যান। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন শিল্পাঞ্চলে পুলিশ মোতায়েন রয়েছে।
