ছাত্রকে গরম ইস্ত্রির ছেঁকা, মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
টঙ্গী পূর্ব (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১২:৫০ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুরের টঙ্গীতে ওসমান গণি নাঈম (৯) নামে এক মাদ্রাসা ছাত্রকে গরম ইস্ত্রির ছেঁকা দিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক রাব্বি হোসেন মোস্তাকিনকে (২৪) গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
রোববার (৮ নভেম্বর) রাতে ভুক্তভোগী শিশুটির মায়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ।
অভিযোগ সূত্রে জানা গেছে, ওসমান গণি নাঈম টঙ্গীবাজার নোয়াখালী পট্টির মিফতাহুল উলুম মাদ্রাসায় আবাসিক থেকে প্রথম শ্রেণিতে পড়ালেখা করছিল। বুধবার (৪ নভেম্বর) রাত ১০টার দিকে মাদ্রাসার পঞ্চমতলায় আবাসিক হোস্টেলে ঘুমাতে যাওয়ার আগে তার সহপাঠীদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিল নাঈম। এ সময় পাশের কক্ষে কাপড় ইস্ত্রি করছিলেন শিক্ষক রাব্বি হোসেন মোস্তাকিন। তাদের কথা বলার কারণে ওই শিক্ষক ক্ষিপ্ত হয়ে উঠেন। একপর্যায়ে নাঈমকে ডেকে নিয়ে তার নিতম্বে গরম ইস্ত্রি দিয়ে ছেঁকা দেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় শিক্ষার্থী নাঈমের মা নাসিমা বেগম ছেলেকে মাদ্রাসা থেকে বাড়িতে আনতে গেলে বিষয়টি জানতে পারেন। পরে এ ঘটনায় ভুক্তভোগীর মা রোববার রাতে টঙ্গী পূর্ব থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকে গাজীপুর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
