|
ফলো করুন |
|
|---|---|
বগুড়া শহরের মাটিডালী মোড়ে স্থাপিত পুরোনো যুদ্ধবিমানটি ক্রমেই হারাচ্ছে তার অবয়ব। এবার বিমানটির লেজের একটি অংশ খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এর আগেও একাধিকবার স্মারকটির বিভিন্ন ধাতব অংশ চুরির ঘটনা ঘটেছে।
গুরুত্বপূর্ণ এ স্থাপনার নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণে অবহেলা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে সরেজমিন মাটিডালী মোড়ে গিয়ে যুদ্ধবিমানটির লেজের একটি অংশ খোয়া যাওয়ার বিষয়টি দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২১ বছর আগে ঢাকা-রংপুর মহাসড়কের মাটিডালী মোড়ের গোলচত্বরে সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে বাংলাদেশ বিমানবাহিনীর একটি অকেজো শেনইয়াং এফ-৬ মডেলের যুদ্ধবিমান স্থাপন করা হয়। এরপর থেকেই এলাকাটি ‘বিমান মোড়’ নামে পরিচিতি পায়। উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত এই মোড়ের অন্যতম প্রধান আকর্ষণ হয়ে ওঠে বিমানটি। প্রতিদিনই পথচারী ও বিভিন্ন স্থান থেকে আসা মানুষ এটি দেখতে ভিড় করেন।
তবে দীর্ঘদিন ধরে যথাযথ পরিচর্যা ও নিরাপত্তার অভাবে স্মারকটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর আগে বিমানটির পাখায় থাকা বুলেট আকৃতির দুটি ধাতব অংশও চুরি হয়।
স্থানীয় বাসিন্দাদের দাবি, চুরি যাওয়া অংশ দুটি বগুড়া সিটি করপোরেশনের উদ্যোগে দুই দফায় পুনঃস্থাপন করা হলেও পরে আবার সেগুলো খোয়া যায়। এবার খুলে নেওয়া হলো বিমানের লেজের অংশ।
তারা দ্রুত চুরি যাওয়া অংশ মেরামত, স্থাপনাটির জন্য স্থায়ী নিরাপত্তাব্যবস্থা চালু এবং চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
