যুগান্তরে সংবাদ প্রকাশ
সেই সাবেক ছাত্রদল নেতার পাশে জেলা প্রশাসক
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইজিবাইক চালক রেজওয়ান ইসলাম মুকুলের পাশে দাঁড়িয়েছেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ। এ সময় তার হাতে ৩০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঝিনাইদহ জেলা পরিষদ প্রশাসকের কক্ষে সাবেক ছাত্রদল নেতা রেজওয়ান ইসলাম মুকুলের হাতে এ চেক প্রদান করা হয়।
এ সময় জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এর আগে রোববার দৈনিক যুগান্তরে ‘দুঃসময়ের ছাত্রদল নেতা এখন ইজিবাইক চালক!’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে সাবেক ছাত্রদল নেতার দুই সন্তানের লেখাপড়ার খরচ চালাতে হিমশিম, চিকিৎসার খরচসহ মানবেতর জীবনযাপনের তথ্য উঠে আসে।
এ বিষয়ে রেজওয়ান ইসলাম মুকুল বলেন, আমাকে জেলা পরিষদের প্রশাসক ডেকেছিলেন। সেখানে গেলে ৩০ হাজার টাকার চেক দেন। এছাড়া দুই সন্তানের লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন জেলা পরিষদ প্রশাসক।
জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির সভাপতি এমএ মজিদ বলেন, সাবেক ছাত্রদল নেতা রেজওয়ান ইসলাম মুকুলের পরিবারের জন্য ৩০ হাজার টাকা প্রদান করা হয়েছে। এছাড়াও ভবিষ্যতে তার সন্তানদের লেখাপড়ার দায়িত্ব ও পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
উল্লেখ্য, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজওয়ান ইসলাম মুকুল উপজেলার ফুলবাড়ি গ্রামের মহর আলী মন্ডল ছেলে। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ৭টি মামলা হয় তার নামে। হুলিয়াও জারি হয় তার নামে। উপায় না পেয়ে ২০১৭ সালে পাড়ি দেন যশোরে। সেই থেকে স্ত্রী ও দুই সন্তান নিয়ে যশোরের পালবাড়ি এলাকায় ভাড়া বাড়িতে থাকেন। পরিবারের ভরণপোষণ ও সন্তানদের লেখাপড়ার খরচ জোগাতে জীবিকার নতুন পথ বেছে নিতে হয়েছে। গ্রামের বাড়ির ২ বিঘা জমি বন্ধক দিয়ে যশোরে এসে একটি ইজিবাইক কিনে চালায়। এই ইজিবাইক চালিয়ে যা আয় হয় সেটা দিয়েই সন্তানদের লেখাপড়া ও সংসারের খরচ মেটাতে হয়।
