আমির হামজা
বাধা দিয়ে মানুষের ভালোবাসা থামানো যায় না, আমি আসছি কালীগঞ্জে
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০২:১৩ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
বাধা দিয়ে মানুষের ভালোবাসা থামানো যায় না, ষড়যন্ত্র করে মানুষের কণ্ঠরোধ করা যায় না মন্তব্য করে ঝিনাইদহের কালীগঞ্জে যাওয়ার ঘোষণা দিয়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামি আলোচক মুফতি আমির হামজা।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে এ কথা জানান তিনি।
কালীগঞ্জের সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে যাওয়ার কথা উল্লেখ করে আমির হামজা লেখেন, ‘প্রিয় ঝিনাইদহবাসী, আজ (শুক্রবার) আমি আসছি কালীগঞ্জের সরকারি নলডাঙ্গা ভূদষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে। আপনাদের সঙ্গে সরাসরি কথা বলতে, আপনাদের ভালোবাসা ও প্রত্যাশার কথা শুনতে এবং সত্যের পক্ষে নিজেদের অবস্থান আরও দৃঢ় করতে।’
তিনি লেখেন, ‘মনে রাখবেন, বাধা দিয়ে মানুষের ভালোবাসা থামানো যায় না, ষড়যন্ত্র করে মানুষের কণ্ঠরোধ করা যায় না। ভয়ভীতি কিংবা প্রতিবন্ধকতা দেখিয়ে আমাকে আমার অবস্থান থেকে একচুলও সরানো যাবে না, ইনশাআল্লাহ। জনগণের সঙ্গে আমার সম্পর্ক কোনো বাধা বা ষড়যন্ত্রের ওপর নির্ভরশীল নয়; এই সম্পর্ক ভালোবাসা, আস্থা ও আদর্শের।’
ঝিনাইদহবাসীর উদ্দেশে আমির হামজা লেখেন, ‘আমি আসছি, আপনারাও আসুন। দেখা হবে, কথা হবে, মতবিনিময় হবে। ইনশাআল্লাহ, আপনাদের সঙ্গে সরাসরি সাক্ষাতের অপেক্ষায় রইলাম। সত্যের পথ কখনো বাধামুক্ত হয় না, কিন্তু সত্যের প্রতি অবিচল থাকাই আমার অঙ্গীকার।’
এদিকে বৃহস্পতিবার দিনভর নানা নাটকীয়তার পর বিতর্কিত ও রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে ঝিনাইদহের কালীগঞ্জে আমির হামজার মাহফিল আয়োজনে বিএনপি-জামায়াত একমত হয়েছে। উপজেলা প্রশাসনের সমঝোতায় বৃহস্পতিবার রাত ১১ টায় কালীগঞ্জ থানায় এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়।
সভায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ, ওসি জুলফিকার আলি, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি, জামায়াতের সাবেক আমীর ওলিয়ার রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব বলেন, কুরআনের মাহফিলে রাজনৈতিক বক্তব্য না দেওয়ার জন্য আমির হামজাকে অনুরোধ করব। বিএনপি ও প্রশাসন মাহফিল আয়োজনে সহযোগিতা করবে।
এর আগে কালীগঞ্জের সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে আমির হামজার তাফসিরুল কুরআন মাহফিলের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকালে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এরপরই কালীগঞ্জের রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়িয়ে পড়ে।
