Logo
Logo
×

Advertisement

সারাদেশ

অনুমতি না মিললেও চলছে আমির হামজার মাহফিলের মঞ্চ তৈরির কাজ

Icon

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১০:০২ পিএম

অনুমতি না মিললেও চলছে আমির হামজার মাহফিলের মঞ্চ তৈরির কাজ

অনুমতি না মিললেও চলছে আমির হামজার মাহফিলের মঞ্চ তৈরির কাজ

Advertisement

ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে আমির হামজার তাফসিরুল কুরআন মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন। তবে প্রশাসনের অনুমতি না মিললেও মাঠে মঞ্চ তৈরির কাজ চলছে।

বৃহস্পতিবার বিকালে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এদিকে একই স্থানে মাদকবিরোধী সমাবেশ করার ঘোষণা দিয়েছে ‘সচেতন কালীগঞ্জবাসী’। বৃহস্পতিবার বিকালে এ উপলক্ষে শহরে মাইকিং করা হয়।

শুক্রবার দুপুর ২টায় মাদকবিরোধী সমাবেশে সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

জানা গেছে, শুক্রবার (১৩ নভেম্বর) ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে তাফসিরুল কুরআন  মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে প্রধান বক্তা হিসেবে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা এবং প্রধান অতিথি হিসেবে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিবের উপস্থিত থাকার কথা রয়েছে। মাহফিলের অনুমতি চেয়ে স্থানীয় প্রশাসনের কাছে আবেদন করেন মাদ্রাসার পরিচালক মেহেদী হাসান ফারুকী; কিন্তু বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে অনুমতি না দেওয়ার বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ১ নভেম্বর সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও তাফসিরুল কুরআন  মাহফিল আয়োজনের অনুমতি চেয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতে তদন্ত প্রতিবেদন পাঠানোর জন্য পুলিশ সুপার বরাবর চিঠি দেওয়া হয়। পুলিশ সুপারের পাঠানো তদন্ত প্রতিবেদনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা প্রকাশ করা হয়েছে এবং বিরূপ মন্তব্য এসেছে। ফলে অনুষ্ঠানটি আয়োজনের অনুমতি দেওয়া সম্ভব হচ্ছে না। একই সঙ্গে ওই আয়োজন থেকে বিরত থাকার জন্য প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

বৃহস্পতিবার বিকালে সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে গিয়ে দেখা যায়, কয়েকজন শ্রমিক মঞ্চ তৈরির কাজ করছেন। সেখানে ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার পরিচালক মেহেদী হাসান ফারুকী উপস্থিত ছিলেন।

তিনি বলেন, এমপি সাহেব সার্বিক দায়িত্ব নিয়ে করাচ্ছেন। আমি শুধু স্পনসর হিসেবে আছি। বাকি সবই এমপি আবু তালিব ও সংগঠন করছে। শুক্রবার কুরআন  মাহফিলে আমির হামজা উপস্থিত থাকবেন। আমাদের সব প্রস্তুতি সম্পন্ন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, আমরা আমাদের কাজ করছি। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না হয়, পুলিশ সেদিকে সর্বোচ্চ দৃষ্টি রাখবে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ বলেন, একই স্থানে মাদকবিরোধী সমাবেশের ব্যাপারে আমি জানি না। বিষয়টি খোঁজখবর নিয়ে দেখা হবে।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের মুরগিহাট এলাকায় সংসদ সদস্যের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে উপজেলা জামায়াতে ইসলামী। এতে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির আব্দুল হক মোল্লা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব ও সাবেক আমির ওলিয়ার রহমান।

সংবাদ সম্মেলনে সংসদ সদস্য আবু তালিব বলেন, মাহফিলে দুইজন সংসদ সদস্য উপস্থিত থাকবেন। বিগত ফ্যাসিস্টের আমলে এমন মাহফিল বন্ধ হয়েছে। আমরা প্রশাসনকে অবগত করেছি। এখানে ১৪৪ ধারা জারি করার মতো কোনো ঘটনা ঘটেনি। যারা মাদকবিরোধী সমাবেশ আয়োজন করেছে, তারা কারা আমরা জানি না। সচেতন কালীগঞ্জবাসী নামে এমন কোনো সংগঠন নেই। আশা করি প্রশাসন আমাদের সহযোগিতা করবে।

লিখিত বক্তব্যে উপজেলা জামায়াতের আমির আব্দুল হক মোল্লা বলেন, একটি কুচক্রী মহল মাহফিলটি বাধাগ্রস্ত ও বন্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা নেওয়ারও চেষ্টা করা হচ্ছে বলে জানতে পেরেছি। প্রশাসন এই মাহফিল বন্ধ করতে পারবে না। কোনোভাবেই গণজোয়ার ঠেকানো যাবে না। এই প্রোগ্রাম বাস্তবায়ন হবেই।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এমপি আমির হামজার বিচার দাবিতে নারীদের বিক্ষোভ

এমপি আমির হামজার বিচার দাবিতে নারীদের বিক্ষোভ

আমির হামজার নামে প্রচারিত অডিওতে এআই ব্যবহারের প্রমাণ পায়নি দ্য ডিসেন্ট

আমির হামজার নামে প্রচারিত অডিওতে এআই ব্যবহারের প্রমাণ পায়নি দ্য ডিসেন্ট

‘আমি কি ভেসে এসেছি’ প্রতিমন্ত্রীকে আমির হামজা

‘আমি কি ভেসে এসেছি’ প্রতিমন্ত্রীকে আমির হামজা

ওর কি যোগ্যতা আছে রাস্তা ঝাড়ু দিতে নেবে মানুষ? রাশেদকে আমির হামজা

ওর কি যোগ্যতা আছে রাস্তা ঝাড়ু দিতে নেবে মানুষ? রাশেদকে আমির হামজা

রাশেদ খানকে বদদোয়া দিলেন মুফতি আমির হামজা

রাশেদ খানকে বদদোয়া দিলেন মুফতি আমির হামজা

অবশেষে মুখ খুললেন আমির হামজা

অবশেষে মুখ খুললেন আমির হামজা

আরও পড়ুন

বাউবির পরীক্ষায় অসদুপায়: ৫৯ শিক্ষার্থী ও ২ শিক্ষককে শাস্তি

বাউবির পরীক্ষায় অসদুপায়: ৫৯ শিক্ষার্থী ও ২ শিক্ষককে শাস্তি

ঝটিকা মিছিলের প্রস্তুতি, গাড়িসহ নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ জন আটক

ঝটিকা মিছিলের প্রস্তুতি, গাড়িসহ নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ জন আটক

পুলিশকে ঘিরে রাখেন নারীরা, পালালেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

পুলিশকে ঘিরে রাখেন নারীরা, পালালেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

অসংলগ্ন অডিও ফাঁস, লাকসামে ইউনিয়ন বিএনপির সভাপতিকে শোকজ

অসংলগ্ন অডিও ফাঁস, লাকসামে ইউনিয়ন বিএনপির সভাপতিকে শোকজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম