কুমিল্লায় পথে পথে মা-বাবাকে খুঁজছেন নেদারল্যান্ডসের নাগরিক
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০১:০৫ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লায় মা-বাবার খোঁজে সড়কে সড়কে লিফলেট বিতরণ করছেন নেদারল্যান্ডসের নাগরিক হ্যারল্ড ডেভিড রাজীব। লুঙ্গি আর টি-শার্ট পড়ে লিফলেট তুলে দিচ্ছেন পথচারীদের হাতে। এতে ছাপানো রয়েছে শৈশবের সাদাকালো ও বর্তমানের দুটি ছবি। নিচে লেখা ‘শিশুকালে আমি’ ও ‘আমি এখন’।
জন্মদাতা মা-বাবার সন্ধানে এভাবেই কুমিল্লা নগরীর পথে পথে ঘুরছেন নেদারল্যান্ডসের (ডাচ) ওই নাগরিক। শিকড়ের টানে দীর্ঘ ৪৬ বছর পর বাংলাদেশে ফিরে পথচারীদের হাতে লিফলেট তুলে দিয়ে জানতে চাইছেন, কেউ কি তার মা–বাবাকে চেনেন?। এদিকে ২০১৫ সাল থেকে এ পর্যন্ত ৬ বার বাংলাদেশে এসেও শিকড়ের সন্ধান পাননি রাজীব। হতাশ হলেও হাল ছাড়বেন না বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিনভর কুমিল্লা নগরীর ঝাউতলা, পুলিশ লাইন্সসহ আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টে ঘুরে ঘুরে পথচারীদের হাতে লিফলেট তুলে দেন রাজীব। এ সময় তার সঙ্গে ছিলেন একইভাবে নিজের জন্মদাতা মা-বাবার খোঁজে বাংলাদেশে আসা আরেক ডাচ নাগরিক সেলিনা গোমেজ এবং তাদের দোভাষী মোহাম্মদ ওমর।
খোঁজ নিয়ে জানা গেছে, রাজীবের বাংলাদেশি নাম রাজীব উদ্দিন। কাগজপত্র অনুযায়ী, ১৯৭৭ সালে তার জন্ম। জন্মের প্রায় তিন বছর পর ১৯৮০ সালে একটি এনজিওর মাধ্যমে দত্তক হিসেবে তাকে নেদারল্যান্ডসের একটি শ্বেতাঙ্গ পরিবারের কাছে তুলে দেওয়া হয়। সেখানে উন্নত জীবনযাপন করলেও নিজের প্রকৃত পরিচয় ও মা-বাবার শূন্যতা তাকে তাড়িয়ে বেড়ায়। মা বাবা এবং স্বজনদের সান্নিধ্য পেতে ব্যাকুল এ নাগরিক বার বার ফিরে আসছেন এ দেশে। যেকোনো কিছুর বিনিময়ে পেতে চান শিকড়ের সন্ধান।
রাজীব জানান, ১৯৭৪ থেকে ১৯৮০ সালের মধ্যে বাংলাদেশ থেকে প্রায় ৪৮৭ জন শিশুকে দত্তক হিসেবে নেদারল্যান্ডসে নেওয়া হয়েছিল। তবে তাদের অনেকেই সরকারি নথিতে নিবন্ধিত ছিলেন না। মা–বাবার মুখ বা শৈশবের কোনো স্মৃতি না থাকায় পুরোনো কাগজপত্র ও পাসপোর্টের একটি ছবি সম্বল করেই ২০১৫ সাল থেকে এ পর্যন্ত ছয়বার বাংলাদেশে এসেছেন তিনি শিকড়ের সন্ধানে। সর্বশেষ মঙ্গলবার তিনি কুমিল্লায় আসেন। তবে হাল ছাড়বেন না জানিয়েছেন রাজীব।
নথিপত্রে রাজীবের জন্মস্থান হিসেবে বর্তমান ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পেয়ারাকান্দির নাম উল্লেখ রয়েছে, যা ১৯৮০ সালের দিকে বৃহত্তর কুমিল্লা জেলার অংশ ছিল। তবে দত্তক প্রক্রিয়ায় ভুয়া নাম-ঠিকানা ব্যবহারের আশঙ্কা থাকায় ঠিকানাটির সঠিকতা নিয়ে তার সংশয় রয়েছে। এর আগে একবার সম্ভাব্য বাবার সন্ধান পেলেও ডিএনএ পরীক্ষায় তা মেলেনি। তবুও হাল ছাড়েননি রাজীব।
তিনি বলেন, প্রতিদিন আয়নায় তাকালে মনে হয়, আমি আসলে কে? যত দিন মা-বাবাকে খুঁজে না পাচ্ছি, ততদিন প্রতি দুই বছর পরপর এভাবেই ফিরে আসব।
বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক লুঙ্গির প্রতি বিশেষ ভালোলাগার কথা জানিয়ে রাজীব বলেন, নেদারল্যান্ডসে বাড়িতে থাকলেও আমি লুঙ্গি পরি। এটি পরলে নিজের দেশের কাছাকাছি থাকার অনুভূতি হয়। বাংলাদেশ আমার ভীষণ পছন্দ এবং আবেগের জায়গা। মা বাবাকে খুঁজে না পেলেও যত দিন বেঁচে থাকবো এই দেশকে ভালোবাসবো।
রাজীবের সহযাত্রী সেলিনা গোমেজের গল্পটিও একইরকম। নেদারল্যান্ডসে বেড়ে ওঠা সেলিনার নথিপত্রে জন্মস্থান হিসেবে কক্সবাজারের চকরিয়া উপজেলার মালুমঘাটের নাম রয়েছে। মা-বাবার স্পর্শ পেতে ব্যাকুল সেলিনা জানান, বাংলাদেশে পা রাখার পর এখানকার বাতাস ও পরিবেশে তার মনে হয়েছিল তিনি নিজের বাড়িতেই ফিরেছেন। এদেশের আলো বাতাসকে ভীষণ আপন মনে হয়।
এদিকে বৃহস্পতিবার লিফলেট বিতরণ শেষে রাজীব ও সেলিনা কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে যান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলী রাজীব মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেন।
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক আলী রাজীব মাহমুদ বলেন, আমরা তাকে সর্বাত্মক সহযোগিতা করতে চাই। রাজীবের কাগজপত্রে উল্লিখিত জন্মস্থান নবীনগরের পেয়ারাকান্দির বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে কথা হয়েছে। তার পরিবারের সন্ধান পেতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার চেষ্টা করা হচ্ছে।
