কুমিল্লায় হানিট্র্যাপ
ব্যবসায়ীর শতকোটি টাকার সম্পদ আত্মসাৎ, হত্যা
আপত্তিকর ছবি ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার হুমকি
আবুল খায়ের, কুমিল্লা
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার লাকসামে হানিট্র্যাপে ফেলে ব্যবসায়ী আব্দুল মমিনের শতকোটি টাকার সম্পদ আত্মসাতের পর তাকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, একটি সংঘবদ্ধ চক্র ফাঁদে ফেলে তার কাছ থেকে নগদ প্রায় দেড় কোটি টাকা এবং ১০ একরের (এক হাজার শতক) বেশি জমি হাতিয়ে নিয়েছে। পরে জালিয়াতি ও সম্পদ আত্মসাতের ঘটনা প্রকাশ্যে আসার আশঙ্কায় সড়ক দুর্ঘটনার নাটক সাজিয়ে তাকে হত্যা করা হয়। এ ঘটনায় ওই ব্যবসায়ীর ছেলে ফখরুল ইসলাম বাদী হয়ে দুই নারীসহ ১৫ জনকে আসামি করে ৫ নভেম্বর কুমিল্লার আদালতে হত্যা মামলা করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে ঘটনা তদন্তের জন্য লাকসাম থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ১৬ আগস্ট রাতে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের লাকসামের বিজরা বাজার এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন ব্যবসায়ী মমিন। পেছন থেকে দ্রুতগামী সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় তিনি গুরুতর আহত হন। চিকিৎসাধীন অবস্থায় ১৭ আগস্ট তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে পরিবার স্বাভাবিক সড়ক দুর্ঘটনা মনে করে লাকসাম থানায় ২০ আগস্ট মামলা করে।
পরিবারের দাবি, মৃত্যুর প্রায় এক মাস পর ঘটনার রহস্য বেরিয়ে আসতে শুরু করে। মামলার বাদী ফখরুল জানান, তার বাবা হানিট্র্যাপ চক্রের জাঁতাকলে পড়েছিলেন। চক্রের সদস্যরা তার বাবার সরলতা ও বিশ্বস্ততার সুযোগ নিয়ে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল শুরু করে। এসব ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দফায় দফায় প্রায় দেড় কোটি টাকা হাতিয়ে নেয়। সেইসঙ্গে মমিনের স্বাক্ষর করা অলিখিত চেক ও নন-জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করে ভুয়া দলিল ও পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে এক হাজার শতকেরও বেশি জমি চক্রের সদস্যদের নামে পাওয়ার রেজিস্ট্রি করে নেওয়া হয়। এসব সম্পদের বর্তমান বাজারমূল্য শতকোটি টাকা।
এর আগেও ওই ব্যবসায়ীকে ফাঁদে ফেলে প্রতারণার ঘটনায় ২০২৪ সালের ৪ মে কুমিল্লার কোতোয়ালি থানায় মামলা করা হয়েছিল। ওই মামলায় পুলিশ ইতোমধ্যে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে, যা বর্তমানে বিচারাধীন।
ফখরুল বলেন, আমার বাবার বিশ্বস্ত দলিল লেখক বরুড়ার গালিমপুর এলাকার রবিউল ছিলেন হানিট্র্যাপ চক্রের মূল হোতা। তার নেতৃত্বে বাবার শতকোটি টাকার সম্পদের পাওয়ার রেজিস্ট্রি করে নেওয়া হয়। বাবার মৃত্যুর পর রবিউল হার্ট অ্যাটাকে মারা যান। তখন সম্পত্তির ভাগাভাগি নিয়ে চক্রের সদস্যদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। পরে জানতে পারি আমাদের সব সম্পত্তির পাওয়ার অন্যদের নামে। তাদের সঙ্গে সাবরেজিস্ট্রারসহ ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী চক্র জড়িত।
তিনি বলেন, আগের মামলায় আমার বাবা মূল সাক্ষী হওয়ায় অবৈধভাবে হাতিয়ে নেওয়া শতকোটি টাকার সম্পদ হাতছাড়া হওয়ার ভয়ে চক্রটি বাবাকে সরিয়ে দেওয়ার নকশা করে। তাকে হত্যা করে বিষয়টিকে সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা চলে। মামলার আইনজীবী গোলাম মোস্তফা বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে ঘটনার রহস্য উদ্ঘাটনের নির্দেশ দিয়েছেন। মামলার তদন্ত কর্মকর্তা লাকসাম থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান বলেন, ব্যবসায়ী মমিন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। আদালতের নির্দেশমতো মামলার সার্বিক বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে।
