আক্রান্তদের বেশির ভাগই জানেন না
ডায়াবেটিসে আক্রান্তে বিশ্বে অষ্টম বাংলাদেশ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বে অষ্টম অবস্থানে রয়েছে। পরিস্থিতির উন্নতি না হলে ২০৪৫ সালের মধ্যে দেশে এ সংখ্যা বেড়ে ২ কোটি ২৩ লাখে পৌঁছাতে পারে; উঠে আসতে পারে সপ্তমে। দেশে আক্রান্তদের বড় একটি অংশ এখনো জানেন না যে, তারা ডায়াবেটিসে ভুগছেন। এমন পরিস্থিতিতে রোগ প্রতিরোধ, আগাম শনাক্তকরণ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিতের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। ৩৫ বছর বা তার বেশি বয়সিদের নিয়মিত পরীক্ষা, জীবনযাত্রায় পরিবর্তন এবং প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসাসেবা সম্প্রসারণের দাবি জানিয়েছে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি (বিইএস)। একই সঙ্গে বিশেষায়িত চিকিৎসা নিশ্চিত করতে সরকারি উদ্যোগে জাতীয় এন্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠার দাবি জানিয়েছে তারা। বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে বিইএস নেতারা বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
ঝুঁকি কমাতে ওজন নিয়ন্ত্রণ ও শরীরচর্চা : সংবাদ সম্মেলনে বিইএস সভাপতি ও বারডেমের এন্ডোক্রাইনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. ফারিয়া আফসানা বলেন, ডায়াবেটিস প্রতিরোধে প্রি-ডায়াবেটিস ও উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জীবনযাপনে পরিবর্তন আনতে হবে। শরীরের ওজন ৫ থেকে ৭ শতাংশ কমানো, সপ্তাহে অন্তত ১৫০ মিনিট দ্রুত হাঁটা বা ব্যায়াম এবং ভাত, ময়দা ও মিষ্টি পানীয় গ্রহণ নিয়ন্ত্রণের মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। তিনি বলেন, ৩৫ বছর বা তার বেশি বয়সি প্রত্যেকের ডায়াবেটিস পরীক্ষা করা উচিত।
জনবল তৈরির তাগিদ : বিইএসের সাধারণ সম্পাদক ও ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক ডা. এম সাইফুদ্দিন বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে ডায়াবেটিসের মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসক, নার্স ও ডায়েটিশিয়ানদের প্রশিক্ষণের আওতায় আনতে হবে। উপজেলা ও জেলা পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের জন্য সনদযুক্ত প্রশিক্ষণ, অনলাইন মেন্টরিং এবং সহজবোধ্য জাতীয় চিকিৎসা নির্দেশিকা প্রণয়ন জরুরি।
স্বাস্থ্যকর জীবনযাপনের পরামর্শ : বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) এন্ডোক্রাইনোলজির সহযোগী অধ্যাপক ডা. শাহজাদা সেলিম বলেন, ডায়াবেটিস অসংক্রামক রোগ। প্রতিরোধে শৈশব থেকেই স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস গড়ে তুলতে হবে। এ জন্য প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বয়স উপযোগী স্বাস্থ্যশিক্ষা চালু করা প্রয়োজন।
গর্ভকালীন ডায়াবেটিসের ঝুঁকি : গ্রিন লাইফ মেডিকেল কলেজের এন্ডোক্রাইনোলজির অধ্যাপক ডা. তানজিনা হোসেন গর্ভকালীন ডায়াবেটিস প্রতিরোধ ও ব্যবস্থাপনায় সমন্বিত সেবার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, গর্ভাবস্থায় ডায়াবেটিস থাকলে মা ও নবজাতক উভয়েরই বিভিন্ন জটিলতার ঝুঁকি বাড়ে। মায়ের পরবর্তী জীবনে টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকিও প্রায় ৯ থেকে ১০ গুণ বেড়ে যায়। তাই গর্ভবতী নারীদের নিয়মিত রক্তে শর্করা পরীক্ষা, গর্ভধারণের আগে পরামর্শ এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা নিশ্চিত করতে হবে।
ঢামেকের এন্ডোক্রাইনোলজির সহযোগী অধ্যাপক ডা. মির্জা শরিফুজ্জামান বলেন, ডায়াবেটিস ছাড়াও থাইরয়েড, স্থূলতা, অস্টিওপোরোসিস, ভিটামিন-ডি ঘাটতি, পিসিওএস, বন্ধ্যত্ব এবং বিভিন্ন হরমোনজনিত রোগের চিকিৎসায় বিশেষায়িত সেবা প্রয়োজন।
এসব রোগের সমন্বিত চিকিৎসা, বিশেষজ্ঞ তৈরি, প্রশিক্ষণ এবং গবেষণা জোরদারে এন্ডোক্রাইন ইনস্টিটিউট ভূমিকা রাখতে পারে।
ওষুধ সেবনেও নিয়ন্ত্রণহীন অনেকের ডায়াবেটিস : বিএমইউর এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আফসার আহমেদ বলেন, নিয়মিত ওষুধ সেবনের পরও অনেক রোগীর ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকছে না। এর পেছনে রোগীর অনিয়ম, চিকিৎসকের সিদ্ধান্ত নিতে বিলম্ব এবং স্বাস্থ্যব্যবস্থার সীমাবদ্ধতা-তিনটিই দায়ী।
ছয় দফা সুপারিশ : সংবাদ সম্মেলনে সোসাইটির পক্ষ থেকে কয়েকটি সুপারিশ তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে-জাতীয় ডায়াবেটিস ও এন্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠা এবং আগামী ৫ থেকে ১০ বছরের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ঘোষণা এবং ৩৫ বছর বা তার বেশি বয়সিদের নিয়মিত ডায়াবেটিস পরীক্ষার আওতায় আনা এবং কম বয়সিদের মধ্যে উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের আগাম শনাক্তকরণ। এছাড়া উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ডায়াবেটিসের ওষুধ, গ্লুকোমিটার ও এইচবিএ১সি পরীক্ষার উপকরণ সরবরাহ নিশ্চিত করা, ডায়াবেটিসজনিত জটিলতা শনাক্তে স্ক্রিনিং কার্যক্রম চালু এবং সাশ্রয়ী ক্রয়নীতি ও সরকারি বরাদ্দ বাড়ানো এবং সব গর্ভবতী নারীর ডায়াবেটিস পরীক্ষা, সহজলভ্য ইনসুলিন সরবরাহ এবং সন্তান প্রসবের পর নিয়মিত ফলোআপ নিশ্চিত করা।
