হার না মানা বগুড়ার আদরী
দুই আঙুল আর এক পায়েই আকাশ ছোঁয়ার স্বপ্ন
তানভীর আলম, বগুড়া
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গল্পটা শুনলে রূপকথার মতো মনে হতে পারে। বাঁ হাতের মাত্র দুটি আঙুল আর কৃত্রিম পায়ে ভর করে অসম্ভবকে সম্ভব করে চলেছেন অদম্য নারী আদরী খাতুন। স্নাতকোত্তর পাস এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা, সফল কৃষি উদ্যোক্তা, আবার সূচিশিল্পীও। পেশাগত সাফল্যের বাইরে সংসার সামলানো আর সন্তানদের আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলা-সবখানেই তিনি সমান পারদর্শী। এটি কোনো কল্পগুনাপ্রসূত গল্প নয়। বগুড়া সদরের প্রত্যন্ত ধাওয়া কোলা গ্রামের এক রক্ত মাংসের সংগ্রামী নারীর জীবনের বাস্তবতা।
জন্ম থেকেই প্রতিকূলতার সঙ্গে লড়াই তার। দুটি হাত স্বাভাবিকের চেয়ে বেশ ছোট। ডান হাতটির কোনো নির্দিষ্ট গঠন নেই। বাঁ হাতে রয়েছে কেবল দুটি আঙুল। আর নেই একটি পা। কিন্তু শারীরিক এই সীমাবদ্ধতা তার ভেতরের অদম্য আগুনকে নিভিয়ে দিতে পারেনি।
শৈশবের স্মৃতি রোমন্থন করতে গিয়ে আদরী বলেন, বিদ্যালয়ে যাওয়ার পথটা কখনোই সহজ ছিল না। কখনো হামাগুড়ি দিয়ে, আবার কখনো এক পায়ে লাফিয়ে লাফিয়ে ক্লাসে যেতাম। তবে এ নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। শারীরিক অবস্থা যেমনই হোক, সৃষ্টিকর্তার প্রতি আমি আজীবন কৃতজ্ঞ।
বাঁ হাতের সেই দুই আঙুলের ফাঁকে কলম গুঁজে একের পর এক বাধা টপকে তিনি অর্জন করেছেন স্নাতকোত্তর ডিগ্রি। বর্তমানে তিনি ধাওয়া কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। সহকর্মীদের চোখে তিনি অনুপ্রেরণার আরেক নাম। এক সহকর্মী শুক্লা রানী কুন্ডু গর্বভরে বললেন, শারীরিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও তিনি অন্যদের চেয়ে দ্বিগুণ পরিশ্রম করেন। আর ছোট ছোট শিক্ষার্থীদের কাছে তিনি নিঃসন্দেহে সবচেয়ে প্রিয় আপা।
স্বাবলম্বী হওয়ার পথটাও ছিল কাঁটায় ভরা। একবার দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের জন্য গেলে শারীরিক প্রতিবন্ধকতার অজুহাতে কর্তৃপক্ষ তাকে ফিরিয়ে দেয়। কিন্তু এই অবহেলা তার জেদ আরও বাড়িয়ে দেয়। আদরী নিজেকে কখনোই ‘প্রতিবন্ধী’ ভাবতে রাজি নন। দৃঢ়কণ্ঠে তিনি বলেন, একজন সুস্থ মানুষ যদি ইচ্ছা থাকার পরও কাজ করতে না পারেন কিংবা কাজ করতে অনিচ্ছুক হন তবে প্রকৃত প্রতিবন্ধী তিনিই।
অদম্য ইচ্ছাশক্তির জোরে তিনি গড়ে তুলেছেন ১২ বিঘার এক বিশাল পেয়ারা বাগান। নিজ হাতে পরিচর্যা করা গাছ থেকে সদ্য তোলা পেয়ারা হাতে নিয়ে হাসিমুখে তিনি বললেন, পেয়ারা চাষে আমি আজ পুরোপুরি সফল। শুধু কৃষিতেই নয়, বুটিক ও সেলাইয়ের কাজেও তিনি দেখিয়েছেন অসাধারণ দক্ষতা।
জীবনের কঠিন পরীক্ষা এখানেই শেষ হয়নি। প্রথম সন্তানের জন্মের পরপরই জীবিকার তাগিদে তার স্বামী পাড়ি জমান প্রবাসে। কোলের শিশু আর পুরো সংসার সব একা সামলাতে গিয়েও ভেঙে পড়েননি আদরী। মেধার জোরে লড়াই করে অর্জন করেন বহু কাঙ্ক্ষিত সরকারি চাকরি। স্ত্রীর এই অবিশ্বাস্য লড়াই আর আত্মমর্যাদাবোধ দেখে তার স্বামীও বিদেশ ছেড়ে দেশে ফিরে আসেন তার পাশে দাঁড়াতে।
যে হাত দিয়ে তিনি নিজের ভাগ্য গড়েছেন, সেই হাত দিয়েই পরম যত্নে গড়ে তুলছেন সন্তানদের ভবিষ্যৎ। তার বড় ছেলে এ বছর বগুড়া জিলা স্কুল থেকে এসএসসি পরীক্ষায় সব বিষয়ে এ+ অর্জন করেছে।
যারা সামান্য বিপত্তিতেই হতাশায় ভেঙে পড়েন, তাদের জন্য এক উজ্জ্বল বাতিঘর আদরী খাতুন। স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, অদম্য মনোবল আর আত্মবিশ্বাস থাকলে কোনো শারীরিক বাধাই মানুষকে আটকে রাখতে পারে না। বরং একজন নারী চাইলে নিজেই হয়ে উঠতে পারেন পরিবার ও সমাজের ভাগ্যবদলের কারিগর।
