ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেলের আরোহী নিহত
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহতের খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৩টার দিকে উপজেলার সমষপুর এলাকায় মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঢাকার পশ্চিম শেওড়াপাড়ার ১২৫/১ নম্বর ঠিকানার বাসিন্দা মনজুরুল আলম বাবুর ছেলে রাফি (২০) ও একই এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে জান্নাতুল মাওয়া জ্যোতি (১৯)।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে মাওয়ার উদ্দেশে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন নিহত দুজন। পথে সমষপুর এলাকায় অজ্ঞাতনামা একটি গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। মোটরসাইকেলটির নম্বর ঢাকা মেট্রো-ল-৪৪-৫৯৪৩।
তিনি জানান, খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত দুজনের লাশ উদ্ধার করে হাসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।
