এমপি নুসরাতের বাড়ি পরিদর্শনে কুষ্টিয়া যাচ্ছে বিরোধী দলের সংসদীয় দল
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১১:৪৫ এএম
|
ফলো করুন |
|
|---|---|
অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে যাওয়া এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের এমপি নুসরাত তাবাসসুম বাড়িঘর পরিদর্শনে আসছেন বিরোধীদলীয় সংসদীয় টিম।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকাল ৩টায় তাদের কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের বাড়িতে আসার কথা রয়েছে।
এ সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন শেষে বিরোধীদলীয় সংসদীয় টিমের প্রেস ব্রিফিং করার কথা রয়েছে।
বিরোধীদলীয় সংসদীয় এই টিমে রয়েছেন- এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, এনসিপির যুগ্ম আহ্বায়ক ও এমপি ডা.মাহমুদা মিতু, চুয়াডাঙ্গা-১ আসনের এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল এবং কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুর।
এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বলা হয়, গত বুধবার দিনগত রাত পৌনে ১২টায় নুসরাত তাবাসসুম এমপির গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এ সময় ওই বাড়িতে আটজন ছিলেন, তাদের দুজন আহত হন। দুটি ছাগল মারা যায় এবং আসববাপত্র পুড়ে ছাই হয়ে যায়।
এ ঘটনায় নুসরাত তাবাসসুম বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা করেছেন। মামলায় আটজনের নাম উল্লেখ করে ২৫ থেকে ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলার এজাহারে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি মীর আহসানুল ইসলাম অভি ও সাধারণ সম্পাদক পান্থ শাহারিয়ার অর্পন, দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আশিক শিকদার ও যুগ্ম আহ্বায়ক মো. রিদয়, কুষ্টিয়া জেলা আওয়ামী যুবলীগের সভাপতি মীর সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ এবং দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মমিনুর রহমান মহনের নাম রয়েছে। এ ছাড়া একই কমিটির সাধারণ সম্পাদক শরিফুল ইসলামকেও আসামি করা হয়েছে।

