Logo
Logo
×

Advertisement

প্রথম পাতা

নুসরাতের বাড়িতে আগুন

দুর্ঘটনা না নাশকতা সংসদে হট্টগোল

Icon

সংসদ প্রতিবেদক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দুর্ঘটনা না নাশকতা সংসদে হট্টগোল

ফাইল ছবি

Advertisement

সংরক্ষিত নারী আসনের সংসদ-সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে অগ্নিকাণ্ড দুর্ঘটনা নাকি নাশকতা-এ নিয়ে বৃহস্পতিবার জাতীয় সংসদে দুই দফা বিতর্ক হয়; যা একপর্যায়ে হট্টগোলে রূপ নেয়। আগুনের ঘটনা নিয়ে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের বক্তব্যের পর বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আশঙ্কা বেশি বলে প্রাথমিক তদন্তে ধারণা পাওয়া গেছে। তবে আগুন লাগানো হয়েছে, নাকি বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত, তা নিশ্চিত হতে তদন্ত চলছে। সালাহউদ্দিন আহমদ বলেন, বাড়িটি পুরোনো হওয়ায় বৈদ্যুতিক তারের সংযোগ দুর্বল ছিল। ঘটনাস্থলের একটি ছবিতে শর্ট সার্কিটের মতো পরিস্থিতি দেখা গেছে। প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আশঙ্কা বেশি বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাবে না।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, বাড়িটিতে মানুষ বসবাস করতেন এবং বাইরে থেকে কিছু নিক্ষেপের কারণেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে। এ নিয়ে দুই পক্ষের পালটাপালটি বক্তব্যের সময় বিরোধী দলের সংসদ-সদস্যরা হইচই শুরু করেন। এ সময় উত্তপ্ত হয়ে উঠে সংসদ। এ পর্যায়ে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল একাধিকবার তাদের শান্ত থাকার আহ্বান জানান।

এর আগে প্রশ্নোত্তরপর্বের শুরুতে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে নাহিদ ইসলাম নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় সংসদ-সদস্যদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উত্থাপন করেন। তিনি বলেন, সংসদ-সদস্যদের বাড়িতে আগুন লাগানোর পরও কি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলা যাবে না? তিনি বলেন, এর আগে গত পরশু মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর হামলা হয়েছে।

৪৮ ঘণ্টা পার হলেও এ ঘটনায় একজনকেও গ্রেফতার করা হয়নি। সারা দেশে পেট্রোলবোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরেও ককটেল বিস্ফোরণ হচ্ছে। নাহিদ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ হলেই সেটিকে আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না। তাহলে সংসদ-সদস্যদের বাড়িতে আগুন লাগানোর পরও কি আইনশৃঙ্খলার অবনতি হয়েছে বলা যাবে না?

তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বুধবার জাতীয় সংসদে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির পক্ষে বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরেছেন। কিন্তু সংসদ-সদস্যসহ জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্বদানকারী এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতাকর্মীদের জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সরকার তাদের নিরাপত্তা দিতে না পারলে সেটি স্পষ্ট করে জানিয়ে দেওয়া উচিত।

এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। তিনি বলেন, একজন সংসদ-সদস্যের বাড়িতে আক্রমণ গুরুতর ঘটনা। আমি ট্রেজারি বেঞ্চকে এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে বলব, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। বিষয়টি অত্যন্ত সিরিয়াস ঘটনা এবং আমার দৃঢ়বিশ্বাস, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এটার ব্যাপারে প্রতিবিধান করবেন।

নাহিদ ইসলামের এ বক্তব্যের পর সরকারের অবস্থান তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিজিবির প্রাথমিক প্রতিবেদনের বরাতে তিনি বলেন, ঘটনাস্থলের আলামত, স্থানীয় লোকজন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে পেট্রোলবোমা বিস্ফোরণের মতো কোনো শব্দ শোনা যায়নি বলে জানা গেছে। বাড়ির দেওয়ালে পেট্রোলবোমার কোনো চিহ্ন পাওয়া যায়নি। কোনো প্রত্যক্ষদর্শীর কাছ থেকেও পেট্রোলবোমা ব্যবহারের তথ্য পাওয়া যায়নি। সেখানে পেট্রোলবোমা ব্যবহার করা হয়নি বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আশঙ্কা বেশি বলে প্রাথমিক তদন্তে ধারণা পাওয়া গেছে বলে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, আগুন লাগানো হয়েছে, নাকি বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত, তা নিশ্চিত হতে তদন্ত চলছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাড়িটি পুরোনো হওয়ায় বৈদ্যুতিক তারের সংযোগ দুর্বল ছিল। ঘটনাস্থলের একটি ছবিতে শর্ট সার্কিটের মতো পরিস্থিতি দেখা গেছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর দ্বিতীয় দফায় পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে নাহিদ ইসলাম বলেন, মন্ত্রী অনেক ভিডিও ফুটেজ ও তথ্যের কথা বলেছেন। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি দেখলে বোঝা যাবে, বাইরে থেকে কিছু নিক্ষেপের কারণেই বাড়িটিতে আগুন ছড়িয়ে পড়ে। তিনি বলেন, ওই বাড়ি কোনো পরিত্যক্ত বাড়ি ছিল না, গবাদি পশুর বাড়িও ছিল না। সেখানে মানুষ বসবাস করতেন। গত রাতেও কেয়ারটেকারের পরিবারসহ নুসরাত তাবাসসুমের আত্মীয়স্বজন ওই বাড়িতে ছিলেন। গত রাতে মানুষও মারা যেতে পারত।

নাহিদের বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, তিনি তথ্য-উপাত্তসহ বক্তব্য দিয়েছেন এবং আগুনের ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষ হওয়ার আগেই আগুন লাগানোর সিদ্ধান্তে পৌঁছানো হচ্ছে কেন, সে প্রশ্ন তোলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাড়িতে মানুষ থাকে না, দুটি ছাগল ছিল। এ সময় জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংসদ-সদস্যরা হইচই শুরু করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা

সুপরিকল্পিত হামলা, নিষিদ্ধ আ.লীগের কাজ: নুসরাত তাবাসসুম

সুপরিকল্পিত হামলা, নিষিদ্ধ আ.লীগের কাজ: নুসরাত তাবাসসুম

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন নুসরাত

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন নুসরাত

জনগণের নিরাপত্তা দিতে না পারলে সরকারও ফাঁদে পড়বে: নাসীরুদ্দীন পাটওয়ারী

জনগণের নিরাপত্তা দিতে না পারলে সরকারও ফাঁদে পড়বে: নাসীরুদ্দীন পাটওয়ারী

অপরাধী গ্রেফতার না হলে রাজপথে নামার হঁশিয়ারি এনসিপির

নুসরাতের বাড়িতে আগুন অপরাধী গ্রেফতার না হলে রাজপথে নামার হঁশিয়ারি এনসিপির

বাড়িতে আগুনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তীব্র ক্ষোভ নুসরাতের

বাড়িতে আগুনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তীব্র ক্ষোভ নুসরাতের

আরও পড়ুন

আয় না বেড়ে বাড়ছে ব্যয় পরিবারের খাবারে কাটছাঁট

পরিবারের খাবারে কাটছাঁট

জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী ঋণের বোঝা নয়, ঝুঁকিপূর্ণ দেশগুলোর দরকার অনুদান

ঋণের বোঝা নয়, ঝুঁকিপূর্ণ দেশগুলোর দরকার অনুদান

সন্ত্রাসের অভয়ারণ্য খুলনা (শেষ পর্ব) জামিনে বেরিয়ে ফের অরাজকতা

জামিনে বেরিয়ে ফের অরাজকতা

রঞ্জিত সরকারের গোপন বৈঠক সীমান্ত নিরাপত্তা নিয়ে প্রশ্ন তদন্ত শুরু

সীমান্ত নিরাপত্তা নিয়ে প্রশ্ন তদন্ত শুরু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম