আয় না বেড়ে বাড়ছে ব্যয়
পরিবারের খাবারে কাটছাঁট
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
সংসার চালাতে গিয়ে হিমশিম খাচ্ছেন দেশের সাধারণ মানুষ। নিত্যপণ্যের বাড়তি দাম, গ্যাস-বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, বাসা ভাড়া, চিকিৎসা, শিক্ষা এবং পরিবহণ ব্যয়-সব মিলিয়ে আয়ের তুলনায় ব্যয়ের বোঝা এখন অনেক বেশি। মাসের আয় দিয়ে ৩০ দিন পার করতে পারছে না বহু পরিবার। কেউ ধারদেনা করছেন, কেউ সঞ্চয় ভেঙে সংসার চালাচ্ছেন, আবার কেউ খাবারের তালিকা ছোট করছেন। মাছ-মাংস বাদ দিয়ে ডাল-ভাত, ডিম কিংবা কম দামের সবজিতে সীমাবদ্ধ হচ্ছে অনেক পরিবারের খাবার। নিম্নবিত্তের অনেক পরিবারকে খাবারের পরিমাণ কমিয়ে কোনো রকমে বেঁচে থাকতে হচ্ছে। মধ্যবিত্তের সঞ্চয় ফুরিয়ে বাড়ছে ঋণের বোঝা। উচ্চবিত্তের একাংশ বাড়তি ব্যয় সামাল দিতে পারলেও তাদের জীবনযাত্রার মানে পড়ছে চাপ। অর্থাৎ আয় বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে না মানুষের ক্রয়ক্ষমতা। এতে প্রতিদিনের জীবনযাপন হয়ে উঠছে কঠিন। এদিকে জীবনযাত্রার ব্যয় যখন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে, তখন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাড়িয়েছে সরকার। এমন পরিস্থিতিতে বেসরকারি চাকরিজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী, দিনমজুর ও অনানুষ্ঠানিক খাতের শ্রমজীবী মানুষের আয় বাড়ানোর নিশ্চয়তা নেই। ফলে সরকারি চাকরিজীবীদের বাইরে থাকা বিপুল জনগোষ্ঠী মূল্যস্ফীতির চাপ সামলাতে আরও কঠিন অবস্থায় পড়বে। বিশেষ করে বেসরকারি খাতের কর্মীদের বেতন সমন্বয়ের কোনো কার্যকর ব্যবস্থা না থাকায় তাদের প্রকৃত আয় ও ক্রয়ক্ষমতার সংকট আরও গভীর হচ্ছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ জীবনযাত্রার মান জরিপের তথ্য মতে, দেশের ৪৭ দশমিক ৪২ শতাংশ পরিবার সংসারের ব্যয় মেটাতে ঋণ করতে বাধ্য হয়েছেন। একটি পরিবারের গড় মাসিক আয় ৩৩ হাজার ৫১৩ টাকা হলেও ব্যয় ৩৫ হাজার ৩১১ টাকা। অর্থাৎ প্রতি মাসে আয়-ব্যয়ের ঘাটতি ১ হাজার ৭৯৮ টাকা। বিবিএসের সর্বশেষ সেপ্টেম্বরের হিসাবে সার্বিক মূল্যস্ফীতি ৮ দশমিক ৩৪ শতাংশ। বিপরীতে মজুরি বৃদ্ধির হার ৭ দশমিক ৯০ শতাংশ। ফলে আয় বাড়লেও সেই তুলনায় বাড়ছে না মানুষের প্রকৃত ক্রয়ক্ষমতা।
পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) জাতীয় পর্যায়ের জরিপেও দারিদ্র্য ও অর্থনৈতিক ঝুঁকির বিস্তৃত চিত্র উঠে এসেছে। সংস্থাটির হিসাবে, ২৭ দশমিক ৯ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে এবং আরও ১৮ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার কাছাকাছি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
জানতে চাইলে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এসএম নাজের হোসাইন যুগান্তরকে বলেন, মূল্যস্ফীতির চাপ শুধু বাজারের পণ্যের দামের মধ্যে সীমাবদ্ধ নেই। বাসাভাড়া, রান্নার জ্বালানি, বিদ্যুৎ, যাতায়াত, চিকিৎসা ও শিক্ষা-প্রতিটি খাতের ব্যয় একসঙ্গে বেড়ে যাওয়ায় পরিবারগুলোর ওপর বহুমুখী চাপ তৈরি হয়েছে। নিম্ন আয়ের মানুষের ক্ষেত্রে খাদ্য ও বাসস্থানের ব্যয়ই আয়ের বড় অংশ গ্রাস করছে। মধ্যবিত্তের ক্ষেত্রে বাড়তি চিকিৎসা, সন্তানের শিক্ষা, বাসা ভাড়া ও কিস্তির খরচ সামাল দেওয়া কঠিন হয়ে উঠছে। ফলে ঋণ করে চলা, সঞ্চয় ভাঙা এবং প্রয়োজনীয় ব্যয় পিছিয়ে দেওয়ার প্রবণতা বাড়ছে। তাই মূল্যস্ফীতিসহ আয় ও ব্যয়ের ব্যবধান কমানো, কর্মসংস্থান ও প্রকৃত মজুরি বৃদ্ধি এবং বাজারে কার্যকর প্রতিযোগিতা নিশ্চিতে সরকারি উদ্যোগ জরুরি।
আয়-ব্যয়ের হিসাবে সংসার চলছে ঋণে : কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকার বাসিন্দা মো. মুস্তাকিম একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। মাসে বেতন পান ৪৫ হাজার টাকা। মা, স্ত্রী ও এক ছেলে নিয়ে তার সংসার। পরিবারের খাবার জোগাড় করতে মাসে ৫০ কেজির এক বস্তা চাল ৩ হাজার ৬০০ টাকা, পাঁচ লিটার তেল ১০০০, বাসাভাড়া ১৫ হাজার, বিদ্যুৎ ও গ্যাস বিল ৩ হাজার, সবজি, মাছ, ব্রয়লার মুরগিসহ তরকারি ও রান্নার উপকরণ কিনতে ৮ হাজার, সাবান-ডিটারজেন্ট ও শ্যাম্পু ৮০০, মুদি বাজার আরও ২ হাজার এবং মোবাইল ফোন ও ইন্টারনেট বিল মিলিয়ে ১২০০ টাকা খরচ হয়। এছাড়া সন্তানের শিক্ষাব্যয় ৮ হাজার, পরিবারের যাতায়াত ব্যয় ৬ হাজার এবং মাসে গড়ে চিকিৎসা ব্যয় ২ হাজার টাকা ধরে ৫০ হাজার ৬০০ টাকা ব্যয় হয় তার। প্রতি মাসে তার ঘাটতি থাকে কম হলেও ৫ হাজার ৬০০ টাকা। তিনি বলেন, বেতন দিয়ে মাস চালাতে পরছি না, ফলে একটু ঋণগ্রস্ত হয়ে পড়ছি।
রাজধানীর নয়াবাজারে কথা হয় ভ্যানচালক মো. হায়দার মিয়ার সঙ্গে। তিনি যুগান্তরকে বলেন, সপ্তাহে তিন দিন ভ্যান চালাই। মালিকের ভ্যান ভাড়া পরিশোধ করার পর প্রতিদিন ৫০০-৬০০ টাকা থাকে। মাসে ১২-১৫ দিন চালাতে পারি। এতে মাসে ৯-১০ হাজার টাকা ইনকাম হয়। পাশাপাশি বাকি সময় মাল টানার কাজ করে আরও ৫ হাজার টাকার মতো পাই। এই টাকা দিয়ে ৬ জনের সংসার বহন করতে পারছি না। খাবার কিনব নাকি ঘরভাড়া দিব তা ভেবেই দিন পার করতে হচ্ছে।
বিশ্বব্যাংক ঢাকা অফিসের সাবেক লিড ইকোনমিস্ট ড. জাহিদ হোসেন যুগান্তরকে বলেন, মূল্যস্ফীতির কারণে মানুষের ব্যয় বাড়ছে। সেই ব্যয় বৃদ্ধিও সমস্যা হতো না যদি একই হারে আয় বাড়ত। এক্ষেত্রে মানুষকে টিকে থাকার জন্য সঞ্চয় ভেঙে অথবা ঋণ করতে হচ্ছে। কিন্তু যারা দারিদ্র্যসীমার নিচে বাস করেন, তাদের তো কোনো সঞ্চয় নেই। কিংবা কেউ ধারও দেন না। ফলে তারা আরও খারাপ অবস্থায় আছেন।
মূল্যস্ফীতির চেয়ে পিছিয়ে মজুরি : বিবিএসের তথ্যমতে, দেশে মূল্যস্ফীতির চাপ কিছুটা কমলেও সে তুলনায় বাড়েনি মানুষের মজুরি। অক্টোবরে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৭ শতাংশে দাঁড়িয়েছে। সেপ্টেম্বরে এ হার ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ। অন্যদিকে মজুরি বৃদ্ধির হার কমে হয়েছে ৭ দশমিক ৬৩ শতাংশ। ফলে পণ্য ও সেবার দাম যে হারে বাড়ছে, মানুষের আয় বাড়ছে তার চেয়ে কম হারে। এতে বাড়তি ব্যয় মেটাতে চাপে পড়ছেন সাধারণ মানুষ।
দারিদ্র্যের ঝুঁকিতে নতুন জনগোষ্ঠী : শুধু দরিদ্র মানুষ নয়, দারিদ্র্যসীমার সামান্য ওপরে থাকা বিপুলসংখ্যক মানুষও এখন অর্থনৈতিক অনিশ্চয়তায় রয়েছেন। পিপিআরসির ‘স্টেট অব দ্য রিয়েল ইকোনমি-২০২৬’ গবেষণায় ২০২৫ সালে ৮ হাজার ৬৭টি পরিবারের ওপর পরিচালিত জাতীয় প্রতিনিধিত্বশীল জরিপের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এতে দারিদ্র্যের হার ২৭ দশমিক ৯ শতাংশ এবং ঝুঁকিপূর্ণ দরিদ্র নয় এমন জনগোষ্ঠীর হার ১৮ শতাংশ বলে উল্লেখ করা হয়েছে। গবেষণায় বলা হয়েছে, দেশের একটি বড় জনগোষ্ঠী এমন অবস্থায় রয়েছে, যেখানে সামান্য আয় কমে যাওয়া, অসুস্থতা, কর্মহীনতা কিংবা নিত্যপণ্যের দাম বাড়লেই তাদের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়তে পারে। সীমিত সঞ্চয়, অনিয়মিত কর্মসংস্থান, ঋণনির্ভরতা এবং চিকিৎসা ব্যয় এই ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে। ফলে দারিদ্র্যের হিসাবের বাইরে থাকা অনেক পরিবারও বাস্তবে অর্থনৈতিক নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে।
খাদ্য কিনতেও হিমশিম, বাড়ছে খাদ্যনিরাপত্তাহীনতা : অর্থনৈতিক সংকটের সবচেয়ে ভয়াবহ প্রভাব পড়ছে খাদ্যাভ্যাসে। পরিবারের আয় দিয়ে বাজারের খরচ মেটাতে না পেরে অনেকেই খাবারের পরিমাণ ও মান কমিয়ে দিচ্ছেন। মাছ-মাংস, দুধ, ফল কিংবা পুষ্টিকর খাবার কেনা কমিয়ে দিয়েছেন অনেকে। নিম্ন আয়ের পরিবারের ক্ষেত্রে তিনবেলা খাবার নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। শুক্রবার কাওরান বাজারে কথা হয় একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা জিল্লুর রহমানের সঙ্গে। তিনি খুব আক্ষেপ নিয়ে যুগান্তরকে বলেন, নিত্যপ্রয়োজনীয় প্রায় সব পণ্যের দামই বাড়তি। চাল, ডাল, ভোজ্যতেল, সবজি, ডিম, মাছ-মাংস থেকে শুরু করে দৈনন্দিন ব্যবহার্য বিভিন্ন পণ্যের পেছনে আগের তুলনায় বেশি টাকা খরচ করতে হচ্ছে। সংসারের ব্যয় কমাতে প্রথমেই খাবারের তালিকায় কাটছাঁট করতে হচ্ছে।
আন্তর্জাতিক খাদ্যনিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি) এবং সংশ্লিষ্ট অংশীদারদের ২০২৬ সালের বিশ্লেষণে দেখা যায়, মে থেকে আগস্ট সময়ে বাংলাদেশে বিশ্লেষিত জনগোষ্ঠীর প্রায় ১ কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় ছিল। এটি বিশ্লেষিত জনগোষ্ঠীর ১৫ শতাংশ। সংস্থাটির সেপ্টেম্বর-ডিসেম্বর সময়ের পূর্বাভাসে এ সংখ্যা ১ কোটি ৮১ লাখে পৌঁছানোর আশঙ্কা করা হয়েছে। এর মধ্যে জরুরি পর্যায়ের খাদ্যসংকটে পড়ার আশঙ্কা রয়েছে প্রায় ৭ লাখ ৮৭ হাজার মানুষের।
গ্যাস-বিদ্যুৎ-জ্বালানিতে বাড়তি চাপ : নিত্যপণ্যের পাশাপাশি জ্বালানি ও সেবা খাতের ব্যয়ও সংসারের বাজেটে বড় চাপ তৈরি করেছে। রান্নার গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি তেল ও পরিবহণ ব্যয় বৃদ্ধিতে পণ্যের উৎপাদন ও সরবরাহ খরচ বেড়ে যাচ্ছে। সর্বশেষ ২ নভেম্বর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নভেম্বরের জন্য ১২ কেজি বেসরকারি এলপিজি সিলিন্ডারের দাম ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করে, যা আগের মাসের তুলনায় ২২৩ টাকা বেশি। অন্যদিকে ২০ সেপ্টেম্বর ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ২০ টাকা বাড়ানো হয়। বর্তমানে প্রতি লিটার ডিজেল ১৩৫, অকটেন ১৬৫, পেট্রোল ১৬০ ও কেরোসিন ১৫৫ টাকা। এর আগে এপ্রিলে ডিজেলের দাম ১০০ থেকে ১১৫ টাকা করা হয়েছিল। অর্থাৎ কয়েক মাসে ডিজেলের দাম বেড়েছে ৩৫ টাকা। জ্বালানির বাড়তি ব্যয় পরিবহণ, কৃষি, শিল্প ও সেবা খাত ঘুরে শেষ পর্যন্ত ভোক্তার ওপরই পড়ছে। পাশাপাশি বিদ্যুৎ বিল, বাসা ভাড়া ও সার্ভিস চার্জের বৃদ্ধি সংসারের ব্যয় আরও বাড়িয়ে দিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ‘ইনফ্লেশন ডায়নামিকস ইন বাংলাদেশ’ প্রতিবেদনে জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে জ্বালানি খাতে গড় মূল্যস্ফীতি ১৭ দশমিক ৪ শতাংশ দেখানো হয়েছে। একই সময়ে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৩১ শতাংশ। অর্থাৎ জ্বালানির ব্যয় বৃদ্ধির চাপ সামগ্রিক মূল্যস্ফীতির চেয়ে অনেক বেশি।
চিকিৎসা ও পরিবহণেও কাটছাঁট : জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় অনেক পরিবার এখন প্রয়োজনীয় চিকিৎসা ও যাতায়াতের ক্ষেত্রেও হিসাব কষছে। আগে যেসব অসুস্থতায় চিকিৎসকের কাছে যেতেন, এখন অনেকে তা পিছিয়ে দিচ্ছেন। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, ওষুধ কিংবা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার ক্ষেত্রেও ব্যয় কমানোর চেষ্টা করছেন। পরিবহণ ব্যয় বাড়ায় কর্মস্থলে যাতায়াত, সন্তানদের স্কুলে নেওয়া কিংবা পারিবারিক প্রয়োজন মেটানো কঠিন হচ্ছে। যারা প্রতিদিন গণপরিবহণ ব্যবহার করেন, তাদের মাসিক বাজেটে এই খরচের বড় অংশ চলে যাচ্ছে। আবার যারা ব্যক্তিগত যানবাহন ব্যবহার করেন, জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ব্যয় তাদের জন্য বাড়তি চাপ তৈরি করছে।
এভাবে খাদ্য, চিকিৎসা, শিক্ষা ও পরিবহণ-প্রতিটি খাতেই কাটছাঁট করতে গিয়ে মানুষের জীবনযাত্রার মান কমছে। শুধু বিলাসী ব্যয় নয়, প্রয়োজনীয় খরচও কমাতে বাধ্য হচ্ছেন অনেকে।
সংকট থেকে উত্তরণের পথ কোথায় : নিত্যপণ্যসহ বাসা ভাড়া, গ্যাস-বিদ্যুৎ, জ্বালানি, চিকিৎসা ও পরিবহণ ব্যয় বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের আয়-ব্যয়ের হিসাব এখন পুরোপুরি এলোমেলো। সংকটের বড় কারণ, ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে অধিকাংশ মানুষের আয় বাড়ছে না; বরং অনেকের কর্মসংস্থান ও উপার্জনের সুযোগও সীমিত। এ পরিস্থিতি থেকে উত্তরণে সরকার-সংশ্লিষ্টরা উদ্যোগের কথা জানিয়েছেন। বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির যুগান্তরকে বলেন, নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে আমদানি ব্যয় কমানো, শুল্ক যৌক্তিকীকরণ, ব্যাংক ঋণের সুদ কমানো এবং পণ্যের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি মজুতদারি, কৃত্রিম সংকট ও অযৌক্তিক মূল্যবৃদ্ধি ঠেকাতে বাজার তদারকি জোরদার করা হচ্ছে। এতে সাধারণ মানুষের ওপর চাপ কমতে শুরু করবে।

