ভূমি ব্যবস্থাপনায় বড় পরিবর্তন, ঘরে বসেই মিলবে নামজারি
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১১:০৪ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ভূমি অফিসে না গিয়েই জমির খতিয়ান সংগ্রহ, নামজারি এবং ভূমি উন্নয়ন কর পরিশোধের সুযোগ তৈরি করতে ভূমি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয় করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে দেশের ৬১ জেলার ভূমি অফিসকে একটি কেন্দ্রীয় ডিজিটাল নেটওয়ার্কের আওতায় আনা হবে। জমির রেকর্ড, খতিয়ান ও হোল্ডিংয়ের তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ, যাচাই ও সংশোধনের দায়িত্ব পেয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। এ কাজের জন্য পরামর্শক সেবা কিনতে সরকারের ব্যয় হবে ৩৬২ কোটি টাকা।
ভূমি মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, ভূমি ব্যবস্থাপনা অটোমেশন (দ্বিতীয় সংশোধিত) প্রকল্পের আওতায় এ কাজ করবে ইউএনডিপি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়।
দেশের ভূমি প্রশাসনকে কাগজবিহীন ও দালালমুক্ত করার উদ্দেশ্যে ২০২০ সালের জুলাইয়ে প্রকল্পটি গ্রহণ করা হয়। ভূমি মন্ত্রণালয় সূত্র জানায়, তিন পার্বত্য জেলা বাদে দেশের ৬১টি জেলার সব ভূমি অফিসকে কেন্দ্রীয় ডিজিটাল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে ভূমিসংক্রান্ত সেবার প্রচলিত পদ্ধতিতে পরিবর্তন আনার পাশাপাশি নাগরিকদের হয়রানি ও সময়ক্ষেপণ কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এক তথ্যভান্ডারে জমির রেকর্ড
প্রকল্পের আওতায় জমির রেকর্ড, খতিয়ানসহ ভূমিসংক্রান্ত বিভিন্ন তথ্য ডিজিটাল তথ্যভান্ডারে সংরক্ষণ করা হবে। প্রতিটি খতিয়ানের সঙ্গে জমির মালিকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও মোবাইল নম্বর যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এতে জমির মালিকানা যাচাইয়ের প্রক্রিয়া সহজ হবে। কেউ জমি কেনার আগে সংশ্লিষ্ট জমির মালিক সম্পর্কে প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন। পাশাপাশি জাল খতিয়ান ও ভুয়া দলিল তৈরির ঝুঁকি কমবে বলে আশা করা হচ্ছে।
বর্তমানে জমির নামজারি, খতিয়ান সংগ্রহ কিংবা ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য নাগরিকদের সরাসরি ভূমি অফিসে যেতে হয়। অনেক ক্ষেত্রে একই কাজের জন্য একাধিকবার অফিসে যাতায়াত করতে হয়। এতে অর্থ ও সময় ব্যয়ের পাশাপাশি বিভিন্ন পর্যায়ে মধ্যস্বত্বভোগীদের সহায়তা নেওয়ার প্রয়োজন দেখা দেয়। নতুন ডিজিটাল ব্যবস্থা চালু হলে এসব সেবা অনলাইনে পাওয়ার সুযোগ তৈরি হবে। ফলে ঘরে বসেই প্রয়োজনীয় আবেদন, তথ্য সংগ্রহ ও কর পরিশোধ করতে পারবেন জমির মালিকেরা।
তবে এই উদ্যোগ বাস্তবায়নে ডিজিটাল সেবা ব্যবহারের সক্ষমতার বিষয়টি বিবেচনায় রাখা জরুরি। বিশেষ করে গ্রামের বয়স্ক মানুষ, ইন্টারনেট ব্যবহারে অনভিজ্ঞ নাগরিক এবং স্মার্টফোন বা প্রয়োজনীয় প্রযুক্তিসুবিধা নেই এমন ব্যক্তিদের জন্য অনলাইননির্ভর সেবা গ্রহণ কঠিন হতে পারে। তাদের জন্য বিকল্প সহায়তামূলক ব্যবস্থা নিশ্চিত করা না গেলে নতুন পদ্ধতিতে ভোগান্তির আশঙ্কা থেকে যাবে।
প্রাথমিকের বই ছাপাতে বাড়তি ২৪ কোটি টাকা
সরকারি ক্রয়সংক্রান্ত বৈঠকে ২০২৬ শিক্ষাবর্ষে প্রাথমিকের চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠ্যবই মুদ্রণের ব্যয় বাড়ানোর প্রস্তাবও অনুমোদিত হয়েছে। ৯৪টি লটে ৩ কোটি ৬২ লাখ ৯০ হাজার ৭৯২ কপি বইয়ের বর্ধিত ফর্মা ছাপাতে অতিরিক্ত ২৩ কোটি ৬৮ লাখ টাকা ব্যয় হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, এসব বই মুদ্রণের মূল চুক্তিমূল্য ছিল ১৮৭ কোটি ১০ লাখ ৯১ হাজার ৭৬৪ টাকা। বাড়তি ব্যয় যুক্ত হওয়ায় সংশোধিত চুক্তিমূল্য দাঁড়িয়েছে ২১০ কোটি ৭৮ লাখ ৬০ হাজার ২২৮ টাকা। মূল চুক্তির তুলনায় ব্যয় বাড়ছে প্রায় ১২ দশমিক ৬৫ শতাংশ।
জন্মনিয়ন্ত্রণে ৯৭ কোটি টাকার খাবার বড়ি
পরিবার পরিকল্পনা কার্যক্রমের জন্য ১ কোটি ৯৩ লাখ ৭৫ হাজার সাইকেল তৃতীয় প্রজন্মের খাবার বড়ি কেনার প্রস্তাবও অনুমোদন পেয়েছে। এসব বড়ি কিনতে ব্যয় হবে ৯৬ কোটি ৫৪ লাখ টাকা। দেশীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি সরবরাহ করবে পণ্যগুলো।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের প্রস্তাব অনুযায়ী, ‘সমাপ্ত চতুর্থ সেক্টর কর্মসূচির অত্যাবশ্যকীয় পরিবার পরিকল্পনা, মা, শিশু ও প্রজনন স্বাস্থ্যসেবা অসমাপ্ত কার্যাবলী বাস্তবায়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় এসব খাবার বড়ি কেনা হবে।
টিসিবির জন্য ১৮১ কোটি টাকার চিনি-ডাল
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ১০ হাজার টন চিনি ও ১০ হাজার টন মসুর ডাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ১৮০ কোটি ৭২ লাখ টাকা।
এর মধ্যে ১০ হাজার টন চিনি কিনতে ব্যয় হবে ১০৩ কোটি ৯৫ লাখ টাকা। প্রতি কেজির দাম পড়বে ১০৩ টাকা ৯৫ পয়সা। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এ চিনি সরবরাহের কাজ পেয়েছে মেঘনা সুগার রিফাইনারি লিমিটেড। অন্যদিকে ১০ হাজার টন মসুর ডাল কিনতে ব্যয় হবে ৭৬ কোটি ৭৭ লাখ টাকা। প্রতি কেজি ডালের দাম পড়বে ৭৬ টাকা ৭৭ পয়সা। এ পণ্য সরবরাহ করবে শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ জাহাজ এলএনজি
২০২৭ সালে ওমান ও মালয়েশিয়া থেকে পাঁচ জাহাজ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির প্রস্তাব অনুমোদনের সুপারিশ করা হয়েছে। এর মধ্যে ওমানের ওকিউ ট্রেডিং লিমিটেডের কাছ থেকে তিন জাহাজ এবং মালয়েশিয়ার পেন্টিটিউড এনার্জির কাছ থেকে দুই জাহাজ কেনার প্রস্তাব রয়েছে। মালয়েশিয়ার এলএনজির দাম প্রতি এমএমবিটিইউতে জাপান-কোরিয়া মার্কারের (জেকেএম) চেয়ে ১৮ সেন্ট কম নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
এ ছাড়া কক্সবাজারের মহেশখালীর কুতুবজোমে নতুন ভাসমান এলএনজি সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণ টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনের পরিকল্পনা রয়েছে। চীনের প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড প্রকল্পটি বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে। ১৫ বছর মেয়াদে এর ব্যয় ধরা হয়েছে প্রায় ১২ হাজার ৩২৪ কোটি টাকা। ২০ বছর মেয়াদে তা বেড়ে প্রায় ১৩ হাজার ১৬১ কোটি টাকা হবে।
একই দিন অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জাপানের জেরা গ্লোবাল মার্কেটস ও সংযুক্ত আরব আমিরাতের এডনক ট্রেডিংয়ের কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে এলএনজি কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। ২০২৭ থেকে ২০২৯ সাল পর্যন্ত এডনক ২৪ থেকে ৩০ কার্গো এলএনজি সরবরাহের প্রস্তাব দিয়েছে। নাইজেরিয়ার দুটি প্রতিষ্ঠান থেকেও সরাসরি ক্রয় পদ্ধতিতে এলএনজি কেনার প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ করা হয়েছে।
সড়ক নির্মাণে বাড়ছে ব্যয়, হবে বন্যা আশ্রয়কেন্দ্র
কর্ণফুলী টানেল থেকে চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের গাছবাড়িয়া পর্যন্ত সংযোগ সড়ক চার লেনে উন্নীত করতে ২৬৬ কোটি ১৪ লাখ ৬২ হাজার ৯৪৯ টাকার কাজ পেয়েছে রানা বিল্ডার্স।
অন্যদিকে শিকলবাহা-আনোয়ারা সড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পে ব্যয় বাড়ছে ৫৬ কোটি ৯০ লাখ টাকা। এতে সংশোধিত চুক্তিমূল্য দাঁড়াচ্ছে ৩২৩ কোটি ৪ লাখ ৭০ হাজার ২৬৫ টাকা। মূল চুক্তিমূল্যের তুলনায় ব্যয় বাড়ছে ২১ দশমিক ৩৭৯ শতাংশ। প্রকল্পটি বাস্তবায়ন করছে যৌথভাবে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স, হাসান টেকনো বিল্ডার্স ও তাহের ব্রাদার্স।
এদিকে ২০২৭ সালের রমজান উপলক্ষে টিসিবির জন্য ৬ হাজার ২০০ টন খেজুর আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রে দরপত্র প্রস্তুত ও দাখিলের সময়সীমা কমানোর প্রস্তাবও অনুমোদন পেয়েছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক স্থাপনে সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণের নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
এ ছাড়া বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থায়নে মাদারীপুর জেলায় ৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) রিভার প্রকল্পের আওতায় এসব স্থাপনা নির্মাণে ব্যয় হবে ৩২৬ কোটি টাকা। কাজটি পেয়েছে ওয়াহিদ কনস্ট্রাকশন লিমিটেড।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের জন্য পাঁচটি প্যাকেজে কম্বল কেনার প্রস্তাবও অনুমোদনের সুপারিশ করা হয়েছে। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এসব কম্বল কিনতে ব্যয় হবে ১০ কোটি ৫৩ লাখ টাকা।



-6af5d52309d7c.jpg)