Logo
Logo
×

Advertisement

প্রথম পাতা

জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী

ক্ষতি মোকাবিলায় তরুণদের সবুজ কর্মসংস্থানে গুরুত্ব

আন্তর্জাতিকভাবে ন্যায্য অর্থায়ন নিশ্চিত করতে হবে * যুক্তরাজ্য-অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন তারেক রহমান * যুদ্ধের পরিবেশগত ক্ষতি নিয়ে সরব বিশ্বনেতারা

আলমগীর মিয়া আলমগীর মিয়া

মহিউদ্দিন খান রিফাত মহিউদ্দিন খান রিফাত

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ক্ষতি মোকাবিলায় তরুণদের সবুজ কর্মসংস্থানে গুরুত্ব

তুরস্কের আনতালিয়ায় বৃহস্পতিবার কপ-৩১-এ উচ্চপর্যায়ের অধিবেশনে বক্তৃতা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান -পিআইডি

Advertisement

কপ-৩১ জলবায়ু সম্মেলনে বাংলাদেশ জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দসহ পাঁচটি জরুরি উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য আন্তর্জাতিকভাবে ন্যায্য অর্থায়ন নিশ্চিত করতে হবে। এছাড়া তিনি ঋণের বোঝা কমানো, পরিবেশবান্ধব প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। এ লক্ষ্যে পাঁচটি জরুরি উদ্যোগ নেওয়ার প্রস্তাবও দিয়েছেন তিনি। জলবায়ুর ক্ষতি মোকাবিলায় নারী ও তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি তাদের জন্য মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান সৃষ্টির ওপরও গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের (কপ-৩১) উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি বাংলাদেশ। অথচ বৈশ্বিক গ্রিনহাউজ গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশ সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল এবং টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

এর আগে বুধবার লিডার্স সামিটে যুদ্ধ ও সংঘাতের কারণে পরিবেশের ক্ষতি, জলবায়ু সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার ঘাটতি এবং অস্ত্র প্রতিযোগিতা নিয়ে উদ্বেগ জানান বিশ্বনেতারা।

বাংলাদেশে পরিবেশবান্ধব শিল্পায়নে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্যারিস চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে নিট শূন্য কার্বন নিঃসরণ অর্জনের লক্ষ্যে বিশেষ কর প্রণোদনার মাধ্যমে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের কাজ চলছে। পাশাপাশি বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনেও উৎসাহ দেওয়া হচ্ছে।

কপ-৩১-এর আয়োজক তুরস্ক ও অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানান তারেক রহমান। তিনি বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত সরকার ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে মেটানোর লক্ষ্য নির্ধারণ করেছে। প্যারিস চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে ‘নেট জিরো’ নির্গমন অর্জনের লক্ষ্যে আমরা এই উদ্যোগ নিয়েছি। বিশেষ কর প্রণোদনার সহায়তায় আমরা ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাজ করছি। পাশাপাশি, বর্জ্য থেকে জ্বালানি তৈরির উদ্যোগকেও আমরা উৎসাহিত করছি।’ প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সরকার সবুজশিল্পকে উৎসাহিত করছে, যার মধ্যে রয়েছে প্রায় ৯০টি লিড-সার্টিফাইড তৈরি পোশাক কারখানা। সরকার বৈদ্যুতিক যানবাহনসহ পরিবেশবান্ধব পরিবহণ ব্যবস্থাকে এগিয়ে নিচ্ছে। আমরা পাটজাত ব্যাগের মতো পরিবেশবান্ধব পণ্যের প্রসার ঘটাচ্ছি। এছাড়া আমরা কার্বন ট্রেডিংয়ের জন্য একটি জাতীয় কাঠামোও তৈরি করছি। সরকার আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা করেছে। আমাদের পরিবেশ রক্ষার জন্য পদ্মা ব্যারাজ ও তিস্তা ব্যারাজ মাস্টার প্ল্যানের পাশাপাশি ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন করছি। যার উদ্দেশ্য হলো পানি ধরে রাখা, বন্যার ঝুঁকি কমানো, জলাভূমি পুনরুজ্জীবিত করা এবং ভূগর্ভস্থ পানির স্তর বাড়ানো।

পাঁচটি জরুরি উদ্যোগের আহ্বান : বিশ্বের জলবায়ু অর্থায়ন ব্যবস্থা এখনো অপ্রতুল উল্লেখ করে প্রধানমন্ত্রী পাঁচটি জরুরি উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। সেগুলো হচ্ছে, এক. আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ প্রতিটি দেশের অগ্রাধিকারের ভিত্তিতে অভিযোজনের জন্য বরাদ্দ করা উচিত, সেই সঙ্গে নির্গমন কমানোর প্রচেষ্টাকেও সহায়তা করতে হবে। দুই. জলবায়ুঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ‘ক্লাইমেট-রেজিলিয়েন্ট ডেট ক্লজ’ বা জলবায়ু-সহনশীল ঋণ ধারা এবং ‘ডেট-ফর-ক্লাইমেট সোয়াপ’ বা জলবায়ু সুরক্ষার বিনিময়ে ঋণ মওকুফসহ জরুরি ঋণ-ত্রাণ সুবিধা চালু করা। তিন. পরিবেশবান্ধব জলবায়ু প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করা এবং উন্নয়নশীল দেশগুলোতে এসব প্রযুক্তি হস্তান্তরে প্রয়োজনীয় সহায়তা করা। চার. সাশ্রয়ী অর্থায়ন, দক্ষতা উন্নয়ন এবং ন্যায্য জ্বালানি রূপান্তরের মাধ্যমে নবায়নযোগ্য শক্তিতে ত্বরান্বিত করা। পাঁচ. কপ-৩১-এ একটি ন্যায্য জ্বালানি রূপান্তরের জন্য ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণ করা, যার মূল ভিত্তি হবে ন্যায্য অর্থায়ন ও ন্যায্য বাণিজ্য।

যুক্তরাজ্য-অস্ট্রেলিয়ার সঙ্গে বৈঠক : সম্মেলনের ফাঁকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। বৈঠকে জলবায়ু অভিযোজন, বিনিয়োগ, রোহিঙ্গা প্রত্যাবাসন এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক জোরদারে সহযোগিতা চান তিনি। এর আগে বাংলাদেশের পরিবেশবান্ধব পাটজাত পণ্যের প্রচার ও সম্ভাবনা তুলে ধরতে জুট প্যাভিলিয়ন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

যুদ্ধের পরিবেশগত ক্ষতি নিয়ে সরব বিশ্বনেতারা : যুদ্ধ-সংঘাতের কারণে পরিবেশের ক্ষতি, জলবায়ু সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার ঘাটতি এবং অস্ত্র প্রতিযোগিতা নিয়ে উদ্বেগ জানিয়েছেন বিশ্বনেতারা। লিডার্স সামিটে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ বিভিন্ন দেশের নেতারা জলবায়ু সংকটের পাশাপাশি যুদ্ধের পরিবেশগত প্রভাব তুলে ধরেন। তাদের বক্তব্যে ইরান-ইসরাইল-যুক্তরাষ্ট্র সংঘাত, গাজা আগ্রাসন এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ উঠে আসে। সামরিক আগ্রাসনের কারণে দায় নির্ধারণ ও ক্ষতিপূরণের দাবিও জানান নেতারা।

ক্ষতিপূরণের দাবি ইরানের : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযানে ইরানের পরিবেশের ক্ষতির বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, যুদ্ধের কারণে মানুষের পাশাপাশি প্রকৃতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। সামরিক আগ্রাসনে পরিবেশের যে ক্ষতি হয়, তা নথিভুক্ত ও মূল্যায়নের পাশাপাশি ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থাও গড়ে তুলতে হবে। পেজেশকিয়ান সশস্ত্র সংঘাতকে প্রকৃতি ধ্বংসের অন্যতম কারণ হিসাবে তুলে ধরে গাজায় ইসরাইলের সামরিক অভিযানেরও সমালোচনা করেন।

গাজায় পরিবেশ হত্যা হচ্ছে-এরদোয়ান : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, আন্তর্জাতিক ব্যবস্থা যখন নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, তখন জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। যুদ্ধ, অভিবাসন, দুর্ভিক্ষ ও দারিদ্র্য আন্তর্জাতিক সংহতির প্রয়োজনীয়তা বাড়িয়ে দিচ্ছে। গাজা পরিস্থিতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, সেখানে শুধু গণহত্যা নয়, পরিবেশ হত্যাও চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

বাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

কপ-৩১ সম্মেলন বাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ইরানে ১৫ লাখ টন কার্বন ছড়িয়েছে যুক্তরাষ্ট্র-ইসরাইল

কপ-৩১-এ পেজেশকিয়ান ইরানে ১৫ লাখ টন কার্বন ছড়িয়েছে যুক্তরাষ্ট্র-ইসরাইল

বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে হবে: জোবায়দা রহমান

বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে হবে: জোবায়দা রহমান

জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ: ড. পারভেজ

জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ: ড. পারভেজ

আরও পড়ুন

আয় না বেড়ে বাড়ছে ব্যয় পরিবারের খাবারে কাটছাঁট

পরিবারের খাবারে কাটছাঁট

জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী ক্ষতি মোকাবিলায় তরুণদের সবুজ কর্মসংস্থানে গুরুত্ব

ক্ষতি মোকাবিলায় তরুণদের সবুজ কর্মসংস্থানে গুরুত্ব

সন্ত্রাসের অভয়ারণ্য খুলনা (শেষ পর্ব) জামিনে বেরিয়ে ফের অরাজকতা

জামিনে বেরিয়ে ফের অরাজকতা

রঞ্জিত সরকারের গোপন বৈঠক সীমান্ত নিরাপত্তা নিয়ে প্রশ্ন তদন্ত শুরু

সীমান্ত নিরাপত্তা নিয়ে প্রশ্ন তদন্ত শুরু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম